× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০১ জুলাই ২০২৬, ২১:৪৩ পিএম । আপডেটঃ ০১ জুলাই ২০২৬, ২১:৪৪ পিএম

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর লোগো উন্মোচন ও বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন আয়োজক কমিটির শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিসরে আগামী ডিসেম্বরে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। তিন দিনব্যাপী এই মেলায় দেশি-বিদেশি প্রায় ২৫০টি জনপ্রিয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেবে। যেখানে ক্রেতারা সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

বুধবার (১ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ডিসেম্বরে আগারগাঁওয়ে তিন দিনের মহোৎসব

আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিসিসিআই) এই মেলা অনুষ্ঠিত হবে। ইভেন্টকমের উদ্যোগে আয়োজিত এই ফেস্টে সহযোগী হিসেবে রয়েছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড এবং পিআর পার্টনার হিসেবে কাজ করছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের প্রখ্যাত ব্র্যান্ডগুলো অংশ নেবে। মেলায় নির্বাচিত কিছু পণ্য ও সেবার ওপর এক্সাইটিং অফার, ফ্ল্যাশ সেল ও সীমিত সময়ের বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।

আয়োজকদের মতে, মেলাটির অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশি-বিদেশি ব্র্যান্ডগুলোকে একক প্ল্যাটফর্মে নিয়ে আসা। যাতে ক্রেতারা একই ছাদের নিচে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য কিনতে পারেন। এটি একই সাথে স্থানীয় উদীয়মান (রাইজিং) ব্র্যান্ডগুলোকে পরিচিত করতে এবং করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে।

মেলায় অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ‘আর্লি বার্ড’ স্টল বুকিংয়ের ক্ষেত্রে ফ্ল্যাট ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা ডিসকাউন্ট ফেস্টের প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, “ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ দেশীয় ও বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন খুচরা বাজার, ক্রেতাদের সাথে ব্র্যান্ড-প্রতিষ্ঠানের সম্পর্ক বৃদ্ধি ও ব্র্যান্ড ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে।”

মেলার হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এই আয়োজনকে দেশের রিটেইল খাতের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “এটি বাংলাদেশের রিটেইল, ব্র্যান্ড মার্কেটিং এবং কনজ্যুমার এনগেজমেন্টে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে নতুন বাজার ও নতুন গ্রাহকের সন্ধান পাবে।”

নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ

মেলায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে জোর দেওয়া হয়েছে। চিফ ফ্যাসিলিয়েটর (উইমেন এম্পাওয়ারমেন্ট) জিন্নাত আরা বারী বলেন, “বর্তমানে দেশের হাজারো নারী উদ্যোক্তা মানসম্মত পণ্য তৈরি করলেও বৃহৎ পরিসরে বাজারে পৌঁছানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই ফেস্ট নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির পাশাপাশি ডিস্ট্রিবিউটর, করপোরেট প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সামনে নিজেদের ব্র্যান্ডকে উপস্থাপনের অনন্য সুযোগ করে দেবে।”

আয়োজকরা জানান, এখন থেকে প্রতি বছরই এই ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে। ঢাকার আয়োজন সম্পন্ন হওয়ার পর দেশের প্রধান প্রধান বিভাগীয় শহরগুলোতেও এই মেলা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের ১১-১৩ মার্চ চট্টগ্রামে, ১৩-১৫ মে রাজশাহীতে, ১০-১৩ জুন সিলেটে এবং ৯-১১ সেপ্টেম্বর খুলনায় এই ফেস্ট অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে দেশের বাইরেও এই আন্তর্জাতিক মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.