× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব পরিবেশ দিবস আজ: লক্ষ্য এবার ‘আগামীর নিরাপত্তা’

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৫ জুন ২০২৬, ০৩:১৭ এএম । আপডেটঃ ০৫ জুন ২০২৬, ০৪:৫০ এএম

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে আজ (৫ জুন) বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, র‍্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন ও তীব্র প্লাস্টিক দূষণের মতো বহুমুখী সংকটের মুখে থাকা বাংলাদেশে এবারের দিবসটি বিশেষ গুরুত্ব বহন করছে।

২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ শিল্পায়নের মেগা পরিকল্পনা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের আগামী পাঁচ বছরের একটি মহাপরিকল্পনা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, "পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে।"

তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ণ এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনার মতো দূরদর্শী উদ্যোগের মাধ্যমে দেশের পরিবেশগত রূপান্তর ঘটানো হবে।

এদিকে দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে উল্লেখ করেন, "জলবায়ু ও পরিবেশের সংকট মোকাবিলা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সরকারি-বেসরকারি খাত, গবেষক, সুশীল সমাজ এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।"

ঝুঁকিতে বাংলাদেশ: সতর্ক করছেন পরিবেশবিদরা

পরিবেশ বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। বৈশ্বিক উষ্ণায়নের ফলে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, তীব্র খরা, এবং লবণাক্ততা দেশের কৃষি ও জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে।

একই সঙ্গে অভ্যন্তরীণ প্লাস্টিক-পলিথিন দূষণ, অনিয়ন্ত্রিত বায়ুদূষণ এবং অপরিকল্পিত নগরায়ণ এই সংকটকে আরও তীব্র করে তুলেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত এখনই সম্মিলিত ও কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের ঐতিহাসিক ‘মানব পরিবেশবিষয়ক সম্মেলন’-এর সিদ্ধান্তের ধারাবাহিকতায় ১৯৭৩ সাল থেকে প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে। বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে এটি জাতিসংঘের বৃহত্তম পরিবেশবাদী কর্মসূচি হিসেবে স্বীকৃত।

আজকের এই বিশেষ দিনটিতে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ দেশের শীর্ষস্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় জনসচেতনতামূলক প্রচারণা ও পরিবেশবান্ধব মেলা পরিচালনা করছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.