× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোমবার থেকে ৩ দিন ঢাকার বাইরে যাওয়ার নতুন নিয়ম, এড়াতে হবে যেসব সড়ক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৫ মে ২০২৬, ১৩:৩৫ পিএম । আপডেটঃ ২৫ মে ২০২৬, ১৩:৩৬ পিএম

ঈদযাত্রা। ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত ও কোরবানির পশুর হাটকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে রাজধানীজুড়ে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার (২৫ মে) থেকে আগামী ২৭ মে বুধবার পর্যন্ত ঢাকা থেকে বের হওয়া ও প্রবেশের ক্ষেত্রে এই নির্দেশনাগুলো কার্যকর থাকবে। রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুমানিক এক কোটির বেশি মানুষের ঈদযাত্রা ও ৩০ লাখ মানুষের ঢাকায় প্রবেশ নিরাপদ করতে কিছু সড়কে একমুখী চলাচল বা ডাইভারশন চালু করা হয়েছে। একই সঙ্গে ৩ দিন জরুরি সেবা ছাড়া পণ্যবাহী ভারী যান চলাচল ও রুট পারমিটহীন বাসের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডিএমপির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদের আগের তিন দিন (২৫ থেকে ২৭ মে) এবং ঈদের পরের তিন দিন (২৯ থেকে ৩১ মে) মোট ছয় দিন মহাসড়কে সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে কোরবানির পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

পরিবহন শৃঙ্খলার বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, রুট পারমিটবিহীন কোনো বাস রাস্তায় নামানো যাবে না। আন্তজেলা বাসগুলোকে নির্ধারিত টার্মিনালের ভেতর থেকেই যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যের উদ্দেশে রওনা হতে হবে। প্রধান সড়ক বা অনুমোদিত কাউন্টার ছাড়া মাঝরাস্তায় দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী ওঠানো-নামানো বা গাড়ি পার্কিং করা যাবে না। লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উত্তরা ও টঙ্গীমুখী তীব্র যানজট প্রবণ এলাকায় যাতায়াত সহজ করতে ২৫, ২৬ ও ২৭ মে বিশেষ একমুখী (ওয়ান-ওয়ে) ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে।

ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটি শুধু ঢাকা থেকে বের হওয়ার জন্য ব্যবহৃত হবে। বিপরীত দিক থেকে ঢাকায় প্রবেশ করতে চাওয়া যানবাহনগুলোকে আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী বা অন্য এলাকায় প্রবেশ করতে হবে।

একইভাবে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের এয়ারপোর্ট থেকে গাজীপুরমুখী আসা-যাওয়ার দুটি লেনে এই তিন দিন শুধু ঢাকা থেকে বের হওয়ার একমুখী ডাইভারশন থাকবে। সব যানবাহন ঢাকা থেকে জয়দেবপুর চৌরাস্তার দিকে যাবে, কিন্তু বিআরটির ঢাকামুখী লেন দিয়ে কোনো যানবাহন রাজধানীতে প্রবেশ করতে পারবে না।

ঢাকা শহরের ভেতরে যানজট কমাতে বিআরটিসি ডিপোর বাসগুলোর রুট সুনির্দিষ্ট করা হয়েছে। গাবতলী বা কল্যাণপুর ডিপোর বাসগুলো মূলত রাজশাহী ও রংপুর বিভাগে এবং মতিঝিল ও ফুলবাড়িয়া ডিপোর বাসগুলো চট্টগ্রাম ও সিলেট বিভাগে চলাচল করবে, যাতে বাসগুলোকে পুরো ঢাকা শহর অতিক্রম করতে না হয়।

ঈদযাত্রাসংশ্লিষ্ট যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে জরুরি প্রয়োজন ছাড়া ২৫, ২৬ ও ২৭ মে কয়েকটি নির্দিষ্ট সড়ক এড়িয়ে চলার জন্য নগরবাসীকে অনুরোধ করেছে ডিএমপি। এই সড়কগুলোর মধ্যে রয়েছে:

  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (বনানী থেকে আব্দুল্লাহপুর)
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড)
  • মিরপুর রোড (শ্যামলী থেকে গাবতলী)
  • ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ)
  • ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী থেকে বুড়িগঙ্গা ব্রিজ)
  • মোহাম্মদপুর বসিলা ক্রসিং থেকে বসিলা ব্রিজ সড়ক এবং আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ সড়ক।


ডিএমপির এই কঠোর ট্রাফিক ডাইভারশন ও নির্দেশনার ফলে পশুর হাটকেন্দ্রিক যানজট ও মহাসড়কের প্রবেশমুখগুলোর বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ। তবে একমুখী চলাচলের কারণে বিকল্প সড়কগুলোতে গাড়ির চাপ বাড়তে পারে।

পবিত্র ঈদুল আজহার এই বিপুল কর্মযজ্ঞে যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে সংশ্লিষ্ট সব যানবাহনের মালিক, চালক, পশুর হাটসংশ্লিষ্ট ইজারাদার ও সাধারণ নগরবাসীকে সরকারি এই নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.