× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এআই নজরদারিতে আসছে সচিবালয়, ১৬৯ পুলিশ সদস্যকে একযোগে বদলি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২০ মে ২০২৬, ০১:২০ এএম । আপডেটঃ ২০ মে ২০২৬, ০১:২১ এএম

বাংলাদেশ সচিবালয়। ফাইল ছবি

দেশের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের রদবদল ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম এবং সংবেদনশীল রাষ্ট্রীয় তথ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে এআই-ভিত্তিক (কৃত্রিম বুদ্ধিমত্তা) নজরদারি ব্যবস্থা চালু করা হচ্ছে। একই সঙ্গে, দীর্ঘদিন একই স্থানে কর্মরত থাকা এবং অদক্ষতার অভিযোগে সচিবালয়ে নিয়োজিত ১৬৯ জন পুলিশ সদস্যকে একযোগে বদলির তালিকা চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে, ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সচিবালয়ের অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা জোরদার করতে পুরো কমপ্লেক্সের ৯৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই-চালিত উন্নত নজরদারি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এছাড়া দর্শনার্থী ও কর্মকর্তাদের প্রবেশ পথগুলোতে নিরাপত্তা নিছিদ্র করতে চারটি প্রধান প্রবেশদ্বারে আধুনিক ব্যাগেজ স্ক্যানার, আর্চওয়ে এবং স্বয়ংক্রিয় মাদক ও অস্ত্র শনাক্তকরণ প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রী নিয়মিত অফিস করছেন। এছাড়া মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যদের দাপ্তরিক কাজের সংবেদনশীলতা বিবেচনায় এই আধুনিক নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে।

রদবদলের আওতায় পড়া ১৬৯ জন পুলিশ সদস্যের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো হয়েছে। এই তালিকায় মূল ফটক, বিভিন্ন দপ্তর ও ভিআইপি প্রটোকলে নিয়োজিত কনস্টেবল থেকে শুরু করে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন, যারা ২০২৪ সালের ৫ আগস্টের আগে এখানে নিয়োগ পেয়েছিলেন।

হঠাৎ এই বদলির আদেশের পর কোনো কোনো পুলিশ সদস্য রাজনৈতিক নেতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর তদবির শুরু করেছেন বলে জানা গেছে। তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ দেওয়া হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন বলেন, "এই পুলিশ সদস্যদের কারও ৫ থেকে ৬ বছর বা তার বেশি সময় ধরে একই জায়গায় থাকার কথা নয়। তবে 'অনিয়ম, অবহেলা বা অদক্ষতার' অভিযোগে অনেকের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ায় তাদের চিহ্নিত করা হয়েছে।"

একযোগে এই বড় বদলির সিদ্ধান্তে পুলিশের ভেতরে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপ-পরিদর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, "অল্পসংখ্যক কর্মীর অনৈতিক কর্মকাণ্ড বা দীর্ঘ মেয়াদের দোহাই দিয়ে ঢালাও বদলির কারণে অনেক দক্ষ ও সৎ কর্মকর্তাও দুর্ভোগের মুখে পড়ছেন।"

নিরাপত্তা বিশ্লেষকরা অবশ্য সংবেদনশীল সরকারি স্থাপনায় কর্মকর্তাদের দীর্ঘ মেয়াদে রাখার ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। তবে তারা ঢালাও বদলির চেয়ে ব্যক্তিগত পারফরম্যান্স মূল্যায়নের ওপর জোর দিয়েছেন।

সশস্ত্র বাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, "সংবেদনশীল প্রতিষ্ঠানে পর্যায়ক্রমিক রদবদল একটি নিয়মিত আন্তর্জাতিক চর্চা। তবে শুধু মেয়াদের ওপর ভিত্তি করে বদলি না করে প্রতিটি সদস্যের সার্ভিস রেকর্ড, পেশাদার দক্ষতা, শৃঙ্খলা এবং অতীতের পারফরম্যান্স পৃথকভাবে মূল্যায়ন করা উচিত।"

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই রদবদল প্রক্রিয়ার পর ভবিষ্যতে সচিবালয়ে, বিশেষ করে প্রধানমন্ত্রীর দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর স্ক্রিনিং করা হবে। শক্তিশালী সার্ভিস রেকর্ড এবং বিশেষ নিরাপত্তা ছাড়পত্র (ক্লিয়ারেন্স) প্রাপ্ত পুলিশ সদস্যদেরই কেবল এখানে পদায়নের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে দীর্ঘদিনের প্রথাগত ও তদবির-নির্ভর পদায়ন বন্ধ হবে এবং সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি প্রযুক্তি-নির্ভর ও যুগোপযোগী হয়ে উঠবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.