× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্থগিত হলো পুলিশ সপ্তাহের পদক প্রদান

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১০ মে ২০২৬, ০০:৫২ এএম । আপডেটঃ ১০ মে ২০২৬, ০১:১২ এএম

পুলিশ পদক। ছবি: সংগৃহীত

রাজারবাগ পুলিশ লাইন্সে আজ রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বর্ণাঢ্য ‘পুলিশ সপ্তাহ ২০২৬’। তবে উৎসবের আমেজ থাকলেও উদ্বোধনের আগের রাতে স্থগিত করা হয়েছে বহুল প্রতিক্ষিত পদক প্রদানের আনুষ্ঠানিক প্যারেড। মূলত পদকপ্রাপ্তদের তালিকায় বিগত সরকারের অনুগত ও বিতর্কিত কর্মকর্তাদের নাম স্থান পাওয়ায় সৃষ্টি হওয়া ক্ষোভ এবং প্রশাসনিক জটিলতার কারণে সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার রাতে হঠাৎ করেই ১০৯ জন পুলিশ সদস্যের বিপিএম ও পিপিএম পদক প্রদানের বিষয়টি স্থগিত করা হয়। এদিনও পদকপ্রত্যাশীরা চূড়ান্ত মহড়ায় অংশ নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়া এবং তালিকার স্বচ্ছতা নিশ্চিত করতে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পদক স্থগিতের বিষয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “পদক প্রদানের জন্য সরকারি আদেশ বা জিও অর্ডার করতে হয়। রাষ্ট্রপতি শনিবার সকালে দেশের বাইরে চলে যাওয়ায় তাঁর স্বাক্ষর ছাড়া এটি অনুমোদন সম্ভব হয়নি। এছাড়া সরকার পদকপ্রাপ্তদের তালিকাটি আরও ভালোভাবে যাচাই-বাছাই করতে চায়।”

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মনোনীত ১০৯ জনের তালিকায় গত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী অন্তত ১১ জন কর্মকর্তার নাম আসায় বাহিনীর অভ্যন্তরে তীব্র ক্ষোভ দেখা দেয়। এদের মধ্যে কারও বিরুদ্ধে ‘কথিত জঙ্গি’ দমনে বিতর্কিত ভূমিকা, কারও বিরুদ্ধে প্রভাবশালী কর্মকর্তার ‘ভাগনে কোটায়’ সুবিধা নেওয়া, এমনকি জামায়াতের আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক করার মতো স্পর্শকাতর ঘটনায় প্রশ্নবিদ্ধ ভূমিকার অভিযোগ রয়েছে। ফলে রাজপথের ত্যাগী ও দক্ষ অনেক কর্মকর্তা এবারও বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বঞ্চিত এক কর্মকর্তা আক্ষেপ করে বলেন, “অতীতে সফল অভিযান চালিয়েও আমার নাম কেটে তৎকালীন ডিআইজি নিজের নামে পদক নিয়েছিলেন। এবারও আবেদন করেও তালিকায় জায়গা পাইনি।” এ ধরনের বৈষম্য দূর করতে বর্তমান প্রশাসনের উচ্চমহল বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। সাবেক পুলিশ কর্মকর্তাদের মতে, রাজনৈতিক বিবেচনায় পদক দেওয়ার পুরনো ধারা রুখতে সরকারের এই কঠোর অবস্থান বাহিনীর ভাবমূর্তি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রথা অনুযায়ী আজ উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই পদক গ্রহণের কথা ছিল মনোনীতদের। পদক প্রদান স্থগিত থাকলেও রাজারবাগে পুলিশ সপ্তাহের বাকি আনুষ্ঠানিকতা ও উদ্বোধনী অনুষ্ঠান যথারীতি অনুষ্ঠিত হবে। সরকার জানিয়েছে, যাচাই-বাছাই শেষে বছরের যেকোনো সুবিধাজনক সময়ে যোগ্যদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.