বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে স্থগিত থাকা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতির আভাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, "পর্যটন ভিসা পুনরায় চালুর বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।" এর আগে চলতি মাসের শুরুতে এক অনুষ্ঠানে তিনি দ্রুততম সময়ের মধ্যে দুই দেশের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছিলেন। দীর্ঘ প্রতীক্ষিত এই পরিষেবা চালু হলে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ও পর্যটন খাতে পুনরায় গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
প্রণয় ভার্মা জানান, কেবল ভিসা নয়, দুই দেশের মধ্যকার কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্ব পেয়েছে।
দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে 'ক্রস-বর্ডার' বিদ্যুৎ ও জ্বালানি সংযোগকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন হাইকমিশনার। তিনি বলেন, "বিদ্যমান বিদ্যুৎ ও জ্বালানি সংযোগগুলো কেবল বর্তমানের চাহিদা মেটাচ্ছে না, বরং দীর্ঘমেয়াদে দুই দেশের অর্থনীতির মধ্যে একটি টেকসই ও মজবুত সেতুবন্ধন তৈরি করবে।"
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে হাইকমিশনারের এই সাক্ষাৎ দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং ভিসা জটিলতা নিরসনের উদ্যোগগুলো দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে বরফ গলানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।