বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার (১৩ মার্চ) যেকোনো সময় একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গত রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত দুই দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার পরামর্শ দেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শায়রুল কবির খান হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের কাছ থেকে সর্বশেষ শারীরিক অবস্থা ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি বর্ষীয়ান এই নেতার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন।
মির্জা আব্বাসের অসুস্থতার খবর পেয়ে গতকাল হাসপাতালে তাঁকে দেখতে যান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বিরোধী দলের শীর্ষ নেতারা। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। নেতারা তাঁর শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ও এয়ার অ্যাম্বুলেন্সের সমন্বয় ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ মতামতের জন্যই এই বিদেশ যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।