সিয়াম আহমেদ
এ কোন সিয়াম? পোস্টার লুক দেখে ভক্ত থেকে শুরু করে সাধারণ দর্শকের মনেও এমন প্রশ্ন জাগতে পারে। ছবির প্রথম লুক প্রকাশের মধ্য দিয়ে অনেক দিন পর দেশীয় নতুন ছবির ঘোষণা এল সিয়ামের। আজ শুক্রবার (২৯ মার্চ) তাঁর জন্মদিনের সন্ধ্যায় পোস্টারটি প্রকাশ করা হয়।
ছবির নাম ‘জংলি’। আগামী ঈদুল আজহায় ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘প্রায় তিন বছর আগে দেশীয় নতুন ছবি হিসেবে ‘অন্তর্জাল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এরপর আর নতুন ছবির কাজ হয়নি। শিল্পীরা একটা কাজ থেকে আরেকটি কাজ ভালো করার চেষ্টা করেন। আর দর্শকেরও প্রত্যাশা থাকে শিল্পীদের কাছে। ভক্তদের সেই প্রত্যাশা পূরণের জন্যই এত সময় নেওয়া আমার। অপেক্ষায় ছিলাম ভালো কিছুর আশায়, ভিন্ন কিছুর আশায়। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে সেই ধরনের একটি কাজ হাতে নিলাম। এমন আনন্দের সংবাদটি আমার জন্মদিনে সবার সঙ্গে ভাগাভাগি করলাম।’
ঢাকাই ছবির এই নায়কের কথা, ভালো কাজের জন্য অপেক্ষা ভালো। তবে অনেক দিন পর্দায় না থাকলে ভক্তরা হতাশ হন, সাধারণ দর্শকেরা বিভ্রান্তিতে পড়েন। যেটি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুধাবন করেছি। তবে অনেক দিন দূরে থাকাটাও কিন্তু ভক্ত-দর্শকের জন্যই, দেরিতে হলেও তাঁদের বড় কিছু উপহার দেওয়া। বছরে দর্শকের পছন্দের একটা-দুটো কাজ করলেও শিল্পী বেঁচে থাকবে, টিকে থাকবে।’
‘জংলি’ ছবির পরিচালক এম রাহিম। তাঁর প্রথম সিনেমা ‘শান’–এরও নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয় ছবিও সিয়ামকে নিয়ে করা প্রসঙ্গে রাহিম বলেন, ‘গল্পের প্রয়োজনেই সিয়ামের সঙ্গে পরপর কাজ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে এই ছবির গল্প সিয়ামকে ভালো ডিমান্ড করে।’
তিনি আরও বলেন, ‘শান’ ছবি করার আগেও সিয়ামের প্রথম ছবি ‘পোড়ামন ২’ ছবিতেও রায়হান রাফীর সঙ্গে সহযোগী পরিচালক ছিলাম আমি। একজন শিল্পীর সঙ্গে পরিচালকের কাজের বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে ভালো কাজের সুযোগ থাকে। সিয়ামকে নিয়ে এই কাজটিতে সেই বাড়তি সুবিধা পাব।’
সিয়ামের জন্মদিনে পরিবার থেকে বিশেষ কোনো আয়োজন নেই। তবে তাঁর ফ্যান ক্লাব একটা আয়োজন হাতে নিয়েছে।
সিয়াম বলেন, ফ্যান ক্লাবের আয়োজনে এতিমখানায় যাওয়া হচ্ছে। এতিম বাচ্চাদের সঙ্গে সময় কাটাব।
রাহিম জানিয়েছে আগামী ১৫ এপ্রিল থেকে ‘জংলি’র শুটিং শুরুর কথা আছে। একটানা শুটিং শেষ হবে ছবির। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে চান এদিকে এই ছবিতে সিয়ামের বিপরীতে নায়িকা কে তা প্রকাশ করা হয়নি।
এ ব্যাপারে পরিচালক বলেছেন, একটা উপযুক্ত পরিকল্পনা করে কাজটি নিয়ে এগোচ্ছি। এখনো নায়িকা চূড়ান্ত করিনি। কথাবার্তা চলছে। হয়ে যাবে। শুটিংয়ের আগে আগে নায়িকার নাম প্রকাশ করার ইচ্ছা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
