বলিউড তারকা শাহরুখ খানের সিনেমা দেখে বেড়ে উঠেছেন ঢাকার তরুণ সৈয়দ মাহাদি রহমান। ‘রাওয়ান’, ‘মাই নেম ইজ খান’ থেকে ‘চাক দে ইন্ডিয়া’ কিংবা ‘ফ্যান’—শাহরুখের সিনেমা বারবার দেখেছেন মাহাদি।
২০২২ সালের ৭ মে ‘ডানকি’ সিনেমার আলোচিত পোস্টারটি এক্সে (টুইটার) প্রকাশ করেছিলেন মাহাদি; ‘ফ্যানমেড’ পোস্টারটি এক্স ছাপিয়ে ফেসবুক, ইনস্টাগ্রামেও ছড়িয়ে পড়ে।
‘ডানকি’ মুক্তি দিনে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মাহাদির পোস্টারটি নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে শেয়ার করেন শাহরুখ খান।
প্রিয় অভিনেতার এক্স অ্যাকাউন্টে নিজের পোস্টার দেখে আপ্লুত মাহাদি গত বৃহস্পতিবার (২১ডিসেম্বর )ফেসবুক লিখেছেন, ‘আমার কান্না আসছে (শাহরুখ খান আমার ডিজাইন করা পোস্টার শেয়ার করেছেন)।’
আজ শনিবার (২৩ ডিসেম্বর ) দুপুরে আলাপকালে মাহাদি বলেন, ‘এক্সে (টুইটার) স্ক্রল করতে করতে হঠাৎ নজরে আসে, শাহরুখ খান আমার পোস্টার শেয়ার করেছেন। কী যে আনন্দিত হয়েছি, ভাষায় প্রকাশ করতে পারছি না।’‘
রাওয়ান’ দেখার পর শাহরুখ খানের ভক্ত হয়ে যান মাহাদি। শাহরুখ খানের বেশির ভাগ সিনেমা দেখেছেন; তবে তাঁর প্রিয় সিনেমার তালিকায় রয়েছে—‘মাই নেম ইজ খান’, ‘চাক দে ইন্ডিয়া’ ও ‘ফ্যান’।
২০১৮ সালে ইউটিউব দেখে পোস্টার বানানো শিখেছেন মাহাদি। তাঁর ডিজাইন করা পোস্টারের তালিকায় শাহরুখের পোস্টারই বেশি। ‘পাঠান’–এর ৫০টি, ‘জওয়ান’–এর ১০টি ও ‘ডানকি’র ৫টি পোস্টার ডিজাইন করেছেন তিনি।
রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ বাংলাদেশেও মুক্তি পেয়েছে। এতে শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকে অভিনয় করেছেন।
বলিউড বাদশাহের দরবারে মাহাদির পোস্টার পৌঁছালেও তাঁর সঙ্গে এখনো সাক্ষাতের সৌভাগ্য হয়নি মাহাদির। অনুরাগী হিসেবে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চান; আর সুযোগ পেলে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্টে কাজের স্বপ্ন দেখেন মাহাদি।