২৭ জুলাই ২০২৬, ২০:১০ পিএম । আপডেটঃ ২৭ জুলাই ২০২৬, ২০:৫৭ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো। রয়টার্স
বিশ্ব ফুটবলের বরপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো এবার ফুটবল মাঠের সীমা ছাড়িয়ে অভিনয়শিল্পী হিসেবে নতুন পরিচয় গড়তে যাচ্ছেন। যুক্তরাজ্যভিত্তিক নির্মিতব্য স্পোর্টস-ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ একটি চরিত্রে অভিনয়ও করবেন পর্তুগিজ এই সুপারস্টার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে আন্তর্জাতিক বিনোদনজগতে রোনালদোর এই আত্মপ্রকাশের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
ফুটবল এজেন্টের নাটকীয় জীবন ও খেলার পেছনের ক্ষমতার রাজনীতি কেন্দ্র করে নির্মিত হচ্ছে 'ডে ওয়ানস'। সিরিজটিতে কাল্পনিক ফুটবল এজেন্ট 'স্ট্যানলি ডালটন' চরিত্রে দেখা যাবে খ্যাতনামা হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইসকে। ইতোমধ্যে লন্ডনের বার্নেট এফসির মাঠে সিরিজটির দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে।
সিরিজটির গল্পভাবনা এসেছে ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরির বাস্তব জীবনের এজেন্ট ড্যারেন ডেইনের ঝুলিজমা অভিজ্ঞতা থেকে। ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি এতে অতিথি চরিত্রে দেখা মিলবে থিয়েরি অঁরিরও। প্রযোজনা-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ফুটবল, তারকাখ্যাতি ও উচ্চমানের নির্মাণের সংমিশ্রণে তৈরি এই সিরিজের সম্প্রচার স্বত্ব পেতে বড় বড় বৈশ্বিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে প্রতিযোগিতা জমে উঠতে পারে।
ক্রিস্টিয়ানো রোনালদো।
পর্তুগাল ও আল-নাসর অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, "এটি আমার জীবনের নতুন ও অত্যন্ত রোমাঞ্চকর একটি অধ্যায়। মাঠের অর্জনের পর ফুটবলের বাইরেও এমন নতুন সৃজনশীল উদ্যোগ নিয়ে আমি সত্যি আশাবাদী।"
জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’-এর মতো নয়। বরং ফুটবল ব্যবসা, পেশাদারি সম্পর্ক এবং ইনসাইডার ড্রামাকে প্রধান বিষয়বস্তু করে তৈরি হচ্ছে এই সিরিজ। এটি যৌথভাবে নির্মাণ করছে 'ইউআর মার্ভ স্টুডিওস', যা চলতি বছর রোনালদো ও বিখ্যাত ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন।
৪১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড ও সৌদি ক্লাব আল-নাসরের অধিনায়ক রোনালদো মাঠের ক্যারিয়ারের সায়াহ্নে এসে বিনোদনশিল্পে স্থায়ী অবস্থান তৈরির যে দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্ব ক্রীড়া ও বিনোদন অঙ্গনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করা হচ্ছে।