বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াতে চান চিত্রনায়ক সাইমন সাদিক।
শনিবার (২০ জানুয়ারি) সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লিখিত অব্যাহতি পত্র জমা দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম অনুযায়ী, সাম্প্রতিক কিছু অনিয়ম নিয়ে সংগঠনের চুপ থাকার বিষয়টি সাইমন সাদিক মেনে নিতে না পারার কারণে সংশ্লিষ্টদের সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছে। আর তাই দায়িত্বের তকমা নিয়ে থাকতে চাইছেন না তিনি।
অব্যাহতি পত্রে সাইমন লিখেছেন, ‘বিগত দিনগুলোতে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না।
বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভুত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।’
শুক্রবার (১৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে সাইমন সাদিকের নতুন সিনেমা ‘শেষ বাজি’। একইদিনে মুক্তি পেয়েছে আরেকটি দেশি সিনেমা ‘কাগজের বউ’। কিন্তু এর ফাঁকে নিয়ম ভেঙে সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভারতীয় সিনেমা ‘হুব্বা’। যার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের সিনেমা দুটি।
সাইমনের অভিযোগ, ‘একই দিনে নিয়ম নীতি না মেনে বিদেশি আরেকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। এ কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু অত্যন্ত হতাশার বিষয় এ সম্পর্কেও আমাদের সমিতি নীরব রয়েছে।
এ সব বিষয় নিয়ে মত পার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি অযৌক্তিক এবং অনুচিত মনে করছি। তাই সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইছি। অবাক হই বার বার এটা ভেবে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকল ক্ষেত্রে আমরা স্বনির্ভর হবার চেষ্টা চালিয়ে যাচ্ছি।