স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’-এর পোস্টারে ঢালিউড অভিনেতা জায়েদ খানের কাঁধে হাত রেখে পোজ দিচ্ছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ছবি: জায়েদ খানের সৌজন্যে।
ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খানের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে নিউইয়র্কের প্রভাবশালী মেয়র জোহরান মামদানিকে। তবে এটি কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’ নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জায়েদ খানের সহ-অভিনেতা হিসেবে রূপালি পর্দায় হাজির হচ্ছেন খোদ নিউইয়র্ক মেয়র। প্রবাসী বাংলাদেশিদের জীবনসংগ্রামের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই আন্তর্জাতিক প্রজেক্টটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা বাংলাদেশ’-এর ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে।
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়রের সঙ্গে তাঁর একটি পোস্টার শেয়ার করে ব্যাপক কৌতূহল ও জল্পনা-কল্পনার জন্ম দেন এই অভিনেতা।
চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জন কবির ও সাদ আল আমীন। প্রজেক্টটির সঙ্গে যুক্ত সূত্র জানায়, ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’-এর প্রথম পর্ব গত মার্চে মুক্তির পর ব্যাপক সাড়া পাওয়ায় এই দ্বিতীয় পর্বের পরিকল্পনা করা হয়।
জায়েদ খান বলেন, "যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠান ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তাঁর সহধর্মিণী আনুভা শাহীন হোসেন প্রথমে মেয়র জোহরান মামদানির দপ্তরে ই-মেইল করেন। সেখানে প্রজেক্টের বিস্তারিত ও আমার প্রোফাইল পাঠানো হয়। মেয়রের কার্যালয় থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর নির্ধারিত সময়ে শুটিং সম্পন্ন হয়।"
তিনি আরও বলেন, "বিশ্ব রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু নিউইয়র্কের একজন মেয়র হওয়া সত্ত্বেও জোহরান মামদানি সেটে অত্যন্ত আন্তরিক ছিলেন। অভিনয়ের সময় তিনি বারবার পরিচালকের নির্দেশনা নিখুঁতভাবে অনুসরণ করার চেষ্টা করেছেন। জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে অভিনয় করেছেন; এটি শুধু আমার ব্যক্তিগত গর্ব নয়, এটি বাংলাদেশের লাল-সবুজ পতাকারও গর্ব।"
এর আগে জ্যেষ্ঠ সাংবাদিক খালেদ মহিউদ্দিন ফেসবুকে মেয়রের সঙ্গে জায়েদ খানের পোস্টারটি শেয়ার করে লেখেন, ‘সবাই জানেন, কে বড় তারকা...এবার দেখার পালা কে বড় অভিনেতা...।’ তাঁর এই পোস্টের পর নেটদুনিয়ায় শুরু হওয়া রহস্যের অবসান ঘটিয়ে জায়েদ খান স্পষ্ট করলেন যে, এটি মূলত একটি সিনেমাটিক কোলাবোরেশন।
চলচ্চিত্রটির সংশ্লিষ্ট বৈশ্বিক পরিবেশকরা আশা করছেন, একজন শীর্ষ মার্কিন জনপ্রতিনিধি ও বাংলাদেশি তারকার এই যুগলবন্দী আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবাসী বাঙালিদের জীবনের গল্পকে ভিন্ন মাত্রায় তুলে ধরবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
