০৯ মার্চ ২০২৬, ১৩:৪১ পিএম । আপডেটঃ ০৯ মার্চ ২০২৬, ১৩:৫২ পিএম
ঢালিউডের বর্তমান পরিবেশ নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের গভীর আক্ষেপ প্রকাশ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস। ছবি : অপু বিশ্বাসের সৌজন্যে
দুই দশকের সুদীর্ঘ ক্যারিয়ার আর শতাধিক চলচ্চিত্রের অভিজ্ঞতাসম্পন্ন ঢালিউড কুইন অপু বিশ্বাস এবার চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অস্থিরতা নিয়ে সোজাসাপ্টা ও কঠোর মন্তব্য করেছেন। সমসাময়িক ঢালিউডের কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দাবি করেছেন, এক সময়ের সেই কর্মমুখর ইন্ডাস্ট্রি এখন যেন শ্রীহীন এক ভাগাড়ে পরিণত হয়েছে।
অপু বিশ্বাস বলেন, “২০০৭-০৮ সালের দিকে যখন আমি কাজ শুরু করি, তখন ইন্ডাস্ট্রি ছিল সৃজনশীলতায় মুখর। সেই সময়ে দর্শক ও শিল্পীদের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, তা থেকেই আজকের এই জনপ্রিয়তা তৈরি হয়েছে।” তবে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আক্ষেপের সঙ্গে জানান, ২০১৬ সালের পর থেকেই ঢাকাই চলচ্চিত্রে এক ধরনের ‘অসুস্থ চর্চা’ বা ‘নোংরামি’ জেঁকে বসেছে। যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির শৈল্পিক পরিবেশকে বিষিয়ে তুলেছে।
অপু বিশ্বাসের ভাষায়, “২০১৬ পরবর্তী সময়ে ইন্ডাস্ট্রিতে এমন সব অনাকাঙ্ক্ষিত বিষয় মাথাচাড়া দিয়ে উঠেছে, যা আগে কখনো ছিল না। আমার তো মনে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এখন যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে।” যদিও এই ‘নোংরামি’র নির্দিষ্ট কোনো ব্যাখ্যা তিনি দেননি, তবে তাঁর কণ্ঠে ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ।
অপু বিশ্বাস
অভিনেত্রী বলেন, হলিউড, বলিউড কিংবা টালিউডেও মতভেদ বা দলাদলি থাকে, কিন্তু তারা পেশাদারিত্বের জায়গায় আপস করে না। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বর্তমানে সহযোগিতার চেয়ে প্রতিহিংসার সংস্কৃতি প্রকট হয়ে উঠেছে বলেই তিনি মনে করেন। পেশাদারিত্বের এই চরম সংকটই সৃজনশীল কাজকে বাধাগ্রস্ত করছে।
মাঝে ব্যক্তিগত জীবন ও ব্যবসায়িক প্রচারণায় ব্যস্ততা বাড়লেও, অপু বিশ্বাস আবারও নিজের ঘর অর্থাৎ চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ বিরতির মূল কারণ হিসেবে তিনি মনের মতো চিত্রনাট্যের অভাবকেই দায়ী করেছেন। তবে ভক্তদের জন্য সুখবর হলো, নতুন দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে নিজেকে প্রস্তুত করছেন তিনি। আদর আজাদের বিপরীতে ‘সিক্রেট’ এবং আবদুন নূর সজলের সঙ্গে ‘দুর্বার’ শিরোনামের সিনেমা দুটির কাজ ইতিমধ্যেই অর্ধেকের বেশি শেষ হয়েছে।
নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘লালশাড়ি’ নির্মাণের পর এবার নতুন এই প্রজেক্টগুলোর মাধ্যমে ঢালিউডের সেই হারানো গৌরব পুনরুদ্ধারে আবারও পর্দায় ফিরতে চলেছেন অপু বিশ্বাস।