উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সাধারণ মানুষের পাশাপাশি দেশের সাংস্কৃতিক ও বিনোদন জগতের তারকারাও আজ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই তালিকায় ছিলেন ঢালিউডের তিন কিংবদন্তি বোন— কোহিনূর আক্তার সুচন্দা, ফরিদা আক্তার ববিতা ও গুলশান আরা আক্তার চম্পা।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে একত্রে উপস্থিত হয়ে ভোট দেন এই তিন অভিনেত্রী। ভোট প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তারা দেশ ও চলচ্চিত্র অঙ্গন নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা বলেন, “আমরা চাই দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক। দুর্নীতিমুক্ত বাংলাদেশে সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। বিশেষ করে, শিল্পীরা যেন নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে তাদের শিল্পচর্চা চালিয়ে যেতে পারেন— নতুন সরকারের কাছে এটাই আমাদের বড় চাওয়া।”
চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষাও আজ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনার পছন্দের মানুষকে আপনিও ভোট দিন।” ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে তিনি কোন আসনে বা কাকে ভোট দিয়েছেন তা প্রকাশ না করলেও দেশবাসীর কল্যাণ কামনা করে বলেন, “আমরা বাংলাদেশের মানুষ যেন সবাই ভালো থাকতে পারি, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনী আমেজে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের এই অংশগ্রহণ উৎসবের রঙে নতুন মাত্রা যোগ করেছে।