বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক দিন ধরেই চলছে নানা জল্পনা। স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তার বিচ্ছেদ হতে যাচ্ছে—এমন গুঞ্জনে যখন সরগরম সামাজিক মাধ্যম, তখনই নীরবতা ভেঙে কড়া জবাব দিলেন এই গায়িকা। নিজের ব্যক্তিগত জীবন ও পরিবার নিয়ে অনাকাঙ্ক্ষিত চর্চা বন্ধের অনুরোধ জানিয়েছেন তিনি।
সম্প্রতি নেহা তার সামাজিক যোগাযোগমাধ্যমের স্টোরিতে একটি দীর্ঘ বার্তা শেয়ার করেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, তার স্বামী ও পরিবার তার জীবনের সবচেয়ে পবিত্র অংশ। নেহা লেখেন, ‘আমার নির্দোষ স্বামী কিংবা আমার মিষ্টি পরিবারকে দয়া করে এসবের মধ্যে টানবেন না। আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে তাদের অবদান অনস্বীকার্য। তারা আমার শক্তির উৎস।’
কয়েক দিন আগে কাজ ও সম্পর্ক থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে একটি রহস্যময় পোস্ট করেছিলেন নেহা, যা ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিচ্ছেদের শঙ্কা তৈরি করে। সেই প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে গায়িকা জানান, তিনি মূলত নির্দিষ্ট কিছু ব্যক্তি ও ব্যবস্থার ওপর বিরক্ত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তবে জনসমক্ষে এমন পোস্ট করা ঠিক হয়নি বলে স্বীকার করে তিনি বলেন, ‘আমি বুঝতে পেরেছি মানুষ কীভাবে তিলকে তাল বানায়। এখান থেকে আমি শিক্ষা নিয়েছি, ভবিষ্যতে ব্যক্তিগত জীবন নিয়ে আর প্রকাশ্যে কিছু বলব না।’
বার্তার শেষাংশে নিজের অতি-আবেগপ্রবণ স্বভাবের কথা উল্লেখ করে ভক্তদের আশ্বস্ত করেছেন নেহা। বিরতি নেওয়ার বিষয়টি সাময়িক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি হয়তো এই পৃথিবীর জন্য একটু বেশিই আবেগী। যারা আমাকে ভালোবাসেন এবং আমার জন্য চিন্তিত ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। খুব শিগগিরই আমি নতুন উদ্যমে কাজে ফিরব।’
উল্লেখ্য, নেহা কক্কর ও রোহনপ্রীত সিং ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তাদের মধ্যকার রসায়ন ভক্তদের নজর কেড়ে আসছে। সাময়িক মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও নেহা এখন নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় আছেন।