প্রথমবার আরটিভি আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে মিউজিক্যাল রিয়েলিটি শো বার্জার পেইন্টস প্রেজেন্টস আরটিভি অদম্য সুর চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদুদুর রহমান রাহুল।
যৌথভাবে রানার্সআপ হয়েছেন ফারহিম আন্জুম সোহানা এবং মো. সাইফ উদ্দিন রাফি। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন আশরার বিল্লাহ খান।
রাজধানীর তেজগাঁও মাল্টিমিডিয়া স্টুডিওতে ধারণকৃত গ্র্যান্ড ফিনালে আয়োজনটি আরটিভির পর্দায় সম্প্রচারিত হয়।
গ্র্যান্ড ফিনালে আয়োজনে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী বলেন, আরটিভির এ আয়োজনগুলো তরুণদের মাঝে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছে। তরুণদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে আরটিভি সব সময় সচেষ্ট থাকে এবং সামনের দিনগুলোতেও থাকবে।
অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্যদানের পাশাপাশি মনোনীত ব্যক্তিদের হাতে পদক তুলে দেন সংসদ সদস্য শামসুল হক টুকু, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, আজিজুল হাকিম, নাট্যকার জিনাত হাকিম, অভিনয়শিল্পী জিয়াউদ্দিন কিসলু, সংগীতশিল্পী হায়দার হোসেন, বাউল শফি মন্ডল, গীতিকবি কবির বকুল, সংগীত পরিচালক ইমন সাহা, শওকত আলী ইমন প্রমুখ।