× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা, বাতিল হচ্ছে লটারি পদ্ধতি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ মার্চ ২০২৬, ১৭:৫২ পিএম । আপডেটঃ ১৬ মার্চ ২০২৬, ১৮:২৭ পিএম

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষার প্রশাসনিক কাঠামো নিয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বিদ্যমান ‘লটারি’ পদ্ধতি বাতিল করে পুনরায় লিখিত পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে দেশজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পূর্বের ন্যায় বৃত্তি পরীক্ষাও ফিরিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই নীতিগত সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরির লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তিনি বলেন, "লটারি পদ্ধতি সাময়িক সংকট নিরসনে ভূমিকা রাখলেও দীর্ঘমেয়াদে তা মেধার সঠিক মূল্যায়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। আমরা চাই আগামী প্রজন্ম সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রমাণ করে শিক্ষা প্রতিষ্ঠানে জায়গা করে নিক।"

মন্ত্রী আরও জানান, শুধু ভর্তি পরীক্ষাই নয়, শিক্ষার্থীদের উৎসাহিত করতে পূর্বের মতো দেশজুড়ে সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তি পরীক্ষাও নিয়মিত অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে কেবল মাধ্যমিক শিক্ষা নয়, উচ্চশিক্ষার অভিভাবক হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং তিনটি প্রধান স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। শিক্ষামন্ত্রী ইউজিসি-র নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্যদের (ভিসি) নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষার এই শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও প্রাজ্ঞ শিক্ষাবিদদের স্থলাভিষিক্ত করা হয়েছে, যাতে দেশের উচ্চশিক্ষা গবেষণামুখী ও বিশ্বমানের হয়ে ওঠে।

২০২৭ সাল থেকে নতুন এই ভর্তি প্রক্রিয়া কার্যকর হবে বিধায় বর্তমান শিক্ষাবর্ষের কার্যক্রম যথানিয়মে চলবে। তবে শিক্ষা মন্ত্রণালয় শীঘ্রই একটি সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করবে, যেখানে পরীক্ষা পদ্ধতি, সিলেবাস এবং স্বচ্ছতা বজায় রাখার কৌশলগুলো বিস্তারিত উল্লেখ থাকবে।

মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে শিক্ষা সংশ্লিষ্ট অনেকে ‘মেধাবৃত্তিক ধারায় ফেরার সাহসী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.