সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে ব্যাপক সহিংসতার মধ্যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
কী বিষয়ে কথা বলবেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো না হলেও দলের নেতারা জানিয়েছেন, কোটা আন্দোলন চলাকালে সারাদেশে সার্বিক পরিস্থিতি ও প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখবেন বিএনপি নেতা।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সোমবার সারা দেশে ছয় জনের প্রাণহানির ঘটনায় বুধবার ঢাকায় কথা বলেছেন ফখরুল।
বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গায়েবানা জানাজা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবি সরকার আলাপ আলোচনার মাধ্যমেই শেষ করতে পারত।
“শুধু জেদের কারণে তারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের নিন্দা ও ক্ষোভ আমরা জানিয়েছি।”
বিএনপি নেতা বলেন, “দমননীতি, এ ধরনের নির্যাতন, এই ধরনের হত্যা-গুম করে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে।
বিভিন্ন জেলায় সরকারি সন্ত্রাসী বাহিনী গুলি-সন্ত্রাস-নির্যাতন করে এই যে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে।”
বৃহস্পতিবার আন্দোলনে সহিংসতা আরও বেশি হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের একাধিক শিক্ষার্থীর প্রাণহানি ছাড়াও বহু সরকারি ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।