চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের পেছনে লরির ধাক্কায় কলেজ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৬ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের খৈয়াছড়া ঝর্ণার রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এবং জোরাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন, শংকর শর্মা (৬০), সাইদুল ইসলাম (১১), কিশোর বণিক (৬৯), কলি (২৯), নিপা (১১), কামাল উদ্দিন (৬০), তারিফ (২০)। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী উত্তরা পরিবহনের একটি বাসের পেছনে বিএসআরমের স্ক্র্যাপ পরিবহনের লরিটি সজোরে ধাক্কা দেয়। মুহূর্তে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ওপর পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজন নিজামপুর কলেজের শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনায় আহত নিজামপুর কলেজের শিক্ষার্থী তারিফ বলেন, লরিটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়। বাসে থাকা আমি এবং আমাদের কলেজের কয়েকজন শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা আহত হয়েছে।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন বলেন, বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমান হোসেন পাটোয়ারি বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে আটকে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে আমাদের এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়েছি।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধারের ব্যবস্থা চলছে।