রাজধানীর মোহাম্মদপুরে অবৈধভাবে বসানো ছাগলের হাট থানা পুলিশের তৎপরতায় উচ্ছেদ হয়েছে। ইজারা বা অনুমোদন না নিয়ে শুধুমাত্র ক্ষমতাবলে হাটটি বসিয়েছিলেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল। হাট উচ্ছেদকালে হাসিলের নামে চাঁদা আদায়কারী দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। মোহাম্মদপুর টাউন হল বাজারের বিপরীতে লালমাটিয়া ত্রিকোণ পার্কের সামনে বসানো হয়েছিল হাটটি। রোববার সকালে হাটটিতে অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ভূঞা অভিযান পরিচালনা করেন। অভিযানের বিষয়ে জানতে চাইলে ওসি মাহফুজুর রহমান বলেন, 'অবৈধভাবে টাউন হলের বিপরীত পাশে ফুটপাত নিয়ে ছাগলের হাট বসানো হয়েছিল। বিষয়টি জানতে পেরে অবৈধভাবে বসানো ছাগলের হাটটি উচ্ছেদ করে দিয়েছি। বর্তমানে সেখানে কোনো ছাগলের হাট নেই এবং আমাদের পুলিশ মোতায়েন রয়েছে, যাতে করে কেউ আবার এখানে ছাগলের হাট বসাতে না পারে।'
আটকের বিষয় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, 'এই ঘটনায় ছাগলের হাটটি থেকে হাসিলসহ পারভেজ আহমেদ ও মো. ফাহিম নামে দুই যুবককে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' জানা গেছে, নাইমুল হাসান রাসেল মোহাম্মদপুর থানা ছাত্রলীগের বর্তমান সভাপতি৷ আগে সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। থানা ছাত্রলীগের পদে আসার পর থেকে প্রতি বছর একই স্থানে অবৈধভাবে ছাগলের হাট বসাতেন তিনি। ক্ষমতাবলে তিনি অবৈধভাবে এই হাট বসাতেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।
টাউন হল বাজারের একজন মোবাইল ফোন ব্যবসায়ী নামপরিচয় প্রকাশ না করার শর্তে জানান, প্রতি বছর অবৈধভাবে হাট বসালেও রাসেলের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় না। তবে এবারই প্রথম মোহাম্মদপুর থানা পুলিশের পক্ষ থেকে অবৈধ এই হাট তুলে দেওয়া হলো।