ময়মনসিংহ নগরীতে ট্রেনে কাটা পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর পঁচাপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি৷
এদিকে ট্রেনটি আটকা পড়ায় জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন অতিক্রম করে জামালপুরের দিকে যাচ্ছিল। জংশনের কাছাকাছি এলাকায় মিন্টু কলেজ ও নতুন বাজার রেলক্রসিংয়ের মাঝে পঁচা পুকুরপাড় এলাকায় ক্রসিংয়ে ট্রেনটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
এ সময় ট্রেনটি অটোরিকশার ২ যাত্রীকে প্রায় একশ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নারী ও পুরুষের মৃত্যু হয়।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলেই একজন নারী ও পুরুষ মারা গেছেন।
তার দাবি, রেলক্রসিংটিতে গেটম্যান পাওয়া যায়নি। তবে রেলওয়ের পরিবহন বিভাগের পরিদর্শক মো. শাহীনূর ইসলাম বলেন, ক্রসিংয়ে গেটম্যান ছিল।
শাহীনূর ইসলাম বলেন, ক্রসিংটিতে গেটম্যান ছিল, ক্রসিংও পড়েছিল। কিন্তু অটোরিকশাটি গেট ভেদ করে রেললাইনে ঢুকে যাওয়ায় দুর্ঘটনা ঘটে।