চট্টগ্রামের রাউজানে বিগত সময়ে কয়েক দফায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচনের মতো এবারের উপজেলা পরিষদ নির্বাচনেও মনোনয়ন দাখিলকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ রোববার রাউজান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিন পদে একক প্রার্থীই অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
আগামী মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে টিকে গেলে বিনা ভোটেই তিন প্রার্থী নির্বাচিত হয়ে যাবেন।
চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এহেছানুল হায়দর চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ ও নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবিনা ইয়াসমিন অনলাইনে মনোনয়নপত্র জমা দেন আজ।
রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা বলেন, শেষ দিনে ফরম পেয়েছি তিন পদে একক প্রার্থীদের।
যদি যাচাই–বাছাইয়ে তিনজন টিকে যান, তাহলে তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ফলে আর এখানে নির্বাচন দিতে হবে না।
মনোনয়ন দাখিলকারী নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুবিনা ইয়াসমিন ছাড়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের দুজন নিজ নিজ পদে তিন মেয়াদ ধরে দায়িত্ব পালন করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার রাউজানসহ চার উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে আগামী মে মাসের ২১ তারিখে।
রোববার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। ঘোষিত তফসিল অনুসারে ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই–বাছাই।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২ মে।