টানা কয়েক দিন গরমের পর গত দুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল প্রাণজুড়ানো শীতল হাওয়া। বাতাস, মেঘ আর হালকা বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি ফিরেছে। গতকাল সকাল থেকেও ছিল মেঘলা আকাশ।
ঢাকাসহ দেশের প্রায় সব জায়গায় গত দুদিন দিন ধরেই কম-বেশি বৃষ্টি ঝরছে। এই মুহূর্তে সবারই কৌতূহল- ঈদের দিনও কি এমন বৃষ্টি হবে? আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির এমন পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না।
ঈদের সম্ভব্য তারিখ ১০ এপ্রিল এবং এর পরবর্তী দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং থাকবে গরমের দাপট।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ মঙ্গলবার থেকে দেশের আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রাও থাকবে স্বাভাবিক। তবে দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে।
আগামী ১০ এপ্রিল থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। সেই হিসাবে এবার ঈদের দিন (১০ বা ১১ এপ্রিল) বৃষ্টি থাকবে না, বরং ভ্যাপসা গরম থাকবে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তাপমাত্রা থাকবে বেশি। গরমে হাঁসফাঁস অবস্থা থাকবে।