ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, এর ব্যত্যয় ঘটলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যানজট নিরসনে রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে আইনশৃঙ্খলা বাহিনী অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নজরদারি করবে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতরের প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, র্যা ব, জেলা পুলিশ সমন্বয় করে কাজ করবে। সড়ক ও মহাসড়ক বিভাগ চিহ্নিত স্পটে সিসি ক্যামেরা স্থাপন করে যানজট পরিস্থিতি তদারকি করা হবে। এরই মধ্যে বিভিন্ন সড়কে স্থায়ী ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মহাসড়কের নির্দিষ্ট স্থান ও যানজটপ্রবণ এলাকায় রেকার থাকবে। ড্রোন ব্যবহার করা হবে। সড়ক-মহাসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা হবে কঠোরভাবে।
ঈদের ছুটির সময় বিভিন্ন সড়ক-মহাসড়ক, নৌপথে আকস্মিক দুর্ঘটনায় উদ্ধার কাজের জন্য রেসকিউ বোট, ডুবুরিসহ ফায়ার সার্ভিস সব সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকবে। প্রয়োজনে সঙ্গে থাকবে কোস্টগার্ড।’
মন্ত্রী আরও বলেন, ‘শিল্প এলাকায় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড প্রস্তুত থাকবে। সীমান্ত এলাকায় কোস্টগার্ড ও বিজিবি সতর্ক দৃষ্টি রাখবে। প্রয়োজনে যে কোনো স্থান থেকে সবকিছুর জন্য ৯৯৯সহ পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। ছুটিতে পর্যটন কেন্দ্রে দুর্ঘটনা ও অপ্রত্যাশিত ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে।’