× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তুচ্ছ ঘটনায় বন্ধুর ছুরিকাঘাতে তরুণ খুন

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৪ মার্চ ২০২৪, ১০:০০ এএম । আপডেটঃ ২৪ মার্চ ২০২৪, ১০:০৯ এএম

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। তাঁর নাম মো. আবির হোসেন ওরফে ছোটন (২৩)।

আজ রোববার সন্ধ্যায় ইফতারের সময় উপজেলার মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।নিহত আবির উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া এলাকার কালা মিয়া ছেলে। অভিযুক্ত আরিফুর রহমান একই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সোনাগাজী-ফেনী সড়কের মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আরিফের বড় ভাই মো. নিলয়ের একটি চায়ের দোকান রয়েছে। আজ বিকেলে আবির ও আরিফ দুই বন্ধু একসঙ্গে ওই দোকানে ইফতার করতে যান।

এ সময় আরিফ ইফতারি প্রস্তুত করার সময় আবিরের সঙ্গে আগের একটি ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে তাঁর হাতে থাকা ছুরি দিয়ে আবিরের পেটে ও বুকে দুটি আঘাত করেন। সঙ্গে সঙ্গে আবির মাটিতে লুটে পড়েন। আরিফ দোকান থেকে বের হয়ে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আবিরকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছেন, আবির ও আরিফ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুজন একসঙ্গে চলাফেরা করতেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ পলাতক।

পুলিশ ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন ও আরিফকে গ্রেপ্তারের চেষ্টা করছে। বর্তমানে লাশ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর সোমবার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে তা মামলা হিসেবে নেওয়া হবে।

বিষয় : বন্ধু খুন

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.