নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে গাউছিয়া কাঁচাবাজারে অগুন লাগে। খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, আড়াইহাজার ও ডেমরা, নারায়ণগঞ্জ, ঢাকা ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানা হয়েছে। আগুনে বাজারের প্রায় সবগুলো দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে গাউছিয়া টিন মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের টিন, হার্ডওয়ারের দোকান, ওষুধ, মুদি মালামাল, তেল-মবিল, টায়ার টিউব ও কাচাঁমালের দোকানসহ কমপক্ষে ২৬০টি দোকান ও ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, আড়াইহাজার ও ডেমরা, নারায়ণগঞ্জ, ঢাকা ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় সব দোকান পুড়ে যায়।
এ বিষয়ে ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে তেলের দোকানে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহতা বেড়ে যায়। এতে করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।