ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে ময়মনসিংহের ত্রিশালে হামলার শিকার হয়েছে ৩ পুলিশ সদস্য। এ সময় তাদের কুপিয়ে আহত করা হয়। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৭ মার্চ) রাত ১০টার দিকে ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া শিমুলিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
তারা হলেন- ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫), এএসআই মো. রাকিব (৩৯)।
ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া জানান, বেদেনা নামে এক ওয়ারেন্টের আসামি ধরতে যায় পুলিশ। এ সময় তার ছেলে নাইম ও হারুন দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে আহত করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ জাহাঙ্গীর জানান, এএসআই রাকিবের পেটে, এসআই ইসমাইলের পিঠে ও এএসআই গোলাম রসুলের কনুইয়ে কোপানোর আঘাত রয়েছে। তাদের মধ্যে রাকিবের অবস্থা গুরুতর।