বগুড়ার শিবগঞ্জে বাসের চাপায় গরু ব্যবসায়ী দুই ভাই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চন্ডিহারা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যবসায়ী একে অপরের চাচাতো ভাই। তারা হলেন- উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের প্রয়াত মোজাহার আলীর ছেলে আবুল কাশেম (৬৫) ও প্রয়াত ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে জাহিদুল ইসলাম (৫৬)।
বগুড়ার কুন্দুরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বস আলী বলেন, নিহত কাশেম ও জাহিদুল সম্পর্কে চাচাতো ভাই ও গরু ব্যবসায়ী। আজ দুপুরে তারা ইঞ্জিনচালিত ভটভটিতে চড়ে জেলার দুপচাঁচিয়া ধাপের হাটে গরু কিনতে যাচ্ছিলেন। পথে মহাসড়কের চন্দিহারায় রংপুর দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই কাশেম ও জাহিদুল মারা যান৷ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক বাস শনাক্তে চেষ্টা করা হচ্ছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি