চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি ফেনী রেলস্টেশনে লাইনচ্যুত হয়েছে। এতে ফেনীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার ৫৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফেনী রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল ৪টা ৫৬ মিনিটের দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করবে। এ দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান এই স্টেশন মাস্টার।
ফেনী রেল স্টেশনের জিআরপি পুলিশের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় পতিত ট্রেনটি ফেনী স্টেশনের প্লাটফর্মেই রয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।