নেত্রকোনার কলমাকান্দায় ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
আটক ওই যুবকের নাম মো. শরীফ মাহমুদ সুমন (৪৭)। তিনি কলমাকান্দা উপজেলা যুবলীগের সহ- সভাপতি এবং উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের প্রয়াত সাহেব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মনতলা এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহ হওয়ায় মনতলা সড়কের কালীমন্দিরের সামনে শরীফ মাহমুদ সুমনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ও ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক গণমাধ্যমকে, আটককৃত মো. শরীফ মাহমুদ সুমন একজন চিহ্নিত মাদক কারবারি। এই অভিযোগে তার বিরুদ্ধে থানায় আরও চারটি মামলা রয়েছে।
ওসি মোহাম্মদ লুৎফুল হক আরও জানান, আটকের পর তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।