রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকায় একটি শপিং মলের গয়নার দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে দুর্বৃত্তরা হানা দিয়ে আনুমানিক দুই হাজার ভরি গয়না ও নগদ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
পূরবী জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে গয়না চুরি করে নিয়ে যায়।
দোকানের মালিক অমিত ঘোষ বলেন, ‘আনামুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।’
ঘটনার পর থেকেই তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল। তাঁর ভাষ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।
সিসিটিভি ফুটেজের বরাতে সঞ্জীব শীল বলেন, ‘সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে আসতে দেখা গেছে। সেখানে অতিরিক্ত আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। ফুটেজে স্পষ্ট দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের মধ্যে একজন তাঁদের প্রতিষ্ঠানে ঢুকতে সরাসরি সহায়তা করেছে।’
এদিকে ধানমন্ডি থানার একজন কর্মকর্তা জানান, অচেতন করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন এই চুরিতে জড়িত বলে তাঁদের সন্দেহ রয়েছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক থাকায় বাকি চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। সিআইডি ও থানা-পুলিশের সমন্বিত তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পলাতকদের শনাক্ত এবং চুরি যাওয়া গয়না উদ্ধারের চেষ্টা চলছে।