× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপজেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ এএম । আপডেটঃ ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ এএম

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশ’-এর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায় থেকে শুরু করে সুদূর উপজেলা পর্যায় পর্যন্ত দেশের পুরো স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠনের মাধ্যমে শক্তিশালী ও জনমুখী করে তুলতে আধুনিক জ্ঞান, পেশাগত দক্ষতা এবং উন্নত চিকিৎসা সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আটটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশ’-এর প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বারোপ করেন।

‘বাধাহীনভাবে নিবিড় পরিচর্যা সেবা সবার নাগালে পৌঁছে দেওয়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ও গবেষকেরা অংশ নেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, “জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠন করতে হবে। আমি নিশ্চিত যে, এই ক্ষেত্রে আপনাদের দক্ষতা, জ্ঞান এবং ব্যবহৃত সকল সরঞ্জাম আমাদের বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে এবং ভবিষ্যতের জন্য আরও উন্নত করতে অত্যন্ত সহায়ক হবে।”

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস, এম জিয়াউদ্দিন হায়দার এবং সংসদ সদস্য মাহমুদা হাবিবা। এ ছাড়া অনুষ্ঠানে ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব ইনটেনসিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার’-এর প্রেসিডেন্ট ডা. হাভিয়ের পেরেজ ফার্নান্দেজসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিটিক্যাল কেয়ার সোসাইটির শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উন্নয়নশীল দেশগুলোতে নিবিড় পরিচর্যা বা ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসায় গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং তরুণ গবেষক তৈরি এই সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। এসআইবির সভাপতি ও সিবকন ২০২৬-এর আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক এ কে কামরুল হুদা এবং সংগঠনের উপদেষ্টা ও অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক মো. মোজাফফর হোসেনসহ দেশের বিশিষ্ট চিকিৎসাবিদেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞদের মতে, এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে অর্জিত জ্ঞান ও বৈশ্বিক অভিজ্ঞতা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা সেবার মান বহুগুণ বাড়িয়ে তুলবে, যা সামগ্রিক চিকিৎসাসেবায় এক নতুন যুগের সূচনা করবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.