× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকায় বুধবার শুরু হচ্ছে ৫১তম আন্তর্জাতিক ‘আইসিকিউসিসি’ সম্মেলন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১৭ নভেম্বর ২০২৬, ০০:১০ এএম । আপডেটঃ ১৭ নভেম্বর ২০২৬, ০০:১১ এএম

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৫১তম আন্তর্জাতিক আইসিকিউসিসি কনভেনশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএসটিকিউএম ও ইউএপি-র প্রতিনিধিরা। ছবি: সৌজন্য

আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৫১তম আন্তর্জাতিক কনভেনশন অন কোয়ালিটি কন্ট্রোল সার্কেলস (আইসিকিউসিসি-২০২৬)। বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘কোয়ালিটি অলিম্পিক’ খ্যাত এ বৈশ্বিক সম্মেলনে ১৬টি দেশ ও অঞ্চলের প্রায় ৮ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএসটিকিউএম-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার এ.এস.এম. খায়রুল বাশার। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কিউসিসি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (টেকসই উন্নয়নের জন্য কোয়ালিটি কন্ট্রোল সার্কেল)।

আয়োজকেরা জানান, কনভেনশনে ১৬টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৮০০টি কোয়ালিটি কন্ট্রোল সার্কেল (কিউসিসি) দল অংশগ্রহণ করবে। এর মধ্যে ১৪১টি দল সরাসরি (অনসাইট) এবং ৬৫২টি দল অনলাইনে তাদের উপস্থাপনা তুলে ধরবে।

আগামী ১৯ ও ২০ নভেম্বর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে অংশগ্রহণকারী দলগুলো কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং গুণগত মান উন্নয়নের ওপর তাদের কেস স্টাডি উপস্থাপন করবে। এসব উদ্ভাবনী কার্যক্রম মূল্যায়ন করবেন দেশি-বিদেশি প্রায় ১০০ জন বিচারক।

বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তাইওয়ান, নামিবিয়া, জাম্বিয়া, মোজাম্বিক ও মরিশাস। জাপানের ইউনিয়ন অব জাপানিজ সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের (জেইউএসই) সমন্বয়ে পরিচালিত এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ তৃতীয়বারের মতো স্বাগতিক হওয়ার গৌরব অর্জন করল।

আয়োজন প্রসঙ্গে বিএসটিকিউএম-এর সভাপতি এবং ৫১তম আইসিকিউসিসি-২০২৬-এর কনভেনর এ কে এম শামসুল হুদা বলেন, "বাংলাদেশে তৃতীয়বারের মতো এ আন্তর্জাতিক কনভেনশনের আয়োজন দেশের গুণগত মান আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা, অর্জন ও আতিথেয়তা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।"

আগামী ২০ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের পর্দা নামবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি এবং অনুষ্ঠানে পরবর্তী আয়োজক দেশ ফিলিপাইনের কাছে আইসিকিউসিসির পতাকা হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউএপি-র রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম, বিএসটিকিউএম-এর মহাসচিব ও কো-কনভেনর এম এস কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১৯৯৬ সাল থেকে দেশে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) চর্চার প্রসারে কাজ করে আসা বিএসটিকিউএম-এর এই বৈশ্বিক আয়োজন দেশের শিল্প ও সেবা খাতে গুণগত মানোন্নয়নের ধারাকে আরও বেগবান করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শিল্প খাতের সক্ষমতা ও ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.