সোমবার কাকরাইলে আইডিইবি ভবনে সংগঠনের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত রক্তদান কর্মসূচিতে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় রক্ত দিচ্ছেন এক সদস্য প্রকৌশলী। ছবি: সৌজন্য
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের সোস্যাল গার্ডেন-২ এ আয়োজিত এই কর্মসূচিতে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় ১০০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
সংগঠনের সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার।
আইডিইবির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি সংগঠনের ছাত্রবিষয়ক সদস্য প্রকৌশলী এইচ এম আমিনুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
আইডিইবি নেতৃবৃন্দ জানান, মানুষের জীবন রক্ষায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রকৌশলী সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই প্রতিষ্ঠাবার্ষিকীতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার বলেন, "রক্তদান একটি মহৎ মানবিক ও সামাজিক দায়িত্ব। মানুষের জীবন রক্ষায় স্বেচ্ছায় রক্তদানের কোনো বিকল্প নেই। এ ধরনের মানবিক উদ্যোগ একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
তিনি আরও বলেন, "আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের মূল ভাবধারাকে ধারণ করে এমন উদ্যোগ সমাজের প্রতি ডিপ্লোমা প্রকৌশলীদের গভীর সামাজিক দায়বদ্ধতারই উজ্জ্বল প্রতিফলন।"
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. কবীর হোসেন রক্তদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। স্বাগত বক্তব্যে সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন স্বতঃস্ফূর্তভাবে রক্ত দেওয়া প্রকৌশলীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে প্রকৌশলী মো. ইমাম উদ্দিন, প্রকৌশলী সেলিমুর রহমান, প্রকৌশলী এস এম ফিরোজ, প্রকৌশলী শাহাদাত জামিল চৌধুরী লিন্টন, প্রকৌশলী মো. জসিম সিকদার রানা, প্রকৌশলী মো. ওমর ফারুক এবং নারী প্রকৌশলী নাহিদ ফারজানা ও হোসনে আরা পারভীন পপিসহ বিপুল সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চলে এই রক্তদান কার্যক্রম, যেখানে ডিপ্লোমা প্রকৌশলীদের উৎসাহব্যাঞ্জক উপস্থিতি দেখা যায়। কর্মসূচির শেষ পর্বে সংগৃহীত সমস্ত রক্তের ব্যাগ আইডিইবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
