রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের হামলায় তছনছ হওয়া এ জে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও প্রধান গুদাম ঘুরে দেখছেন পুলিশ কর্মকর্তা ও তদন্ত দল। ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর হাজারীবাগে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন 'এ জে আর কুরিয়ার সার্ভিস'-এর প্রধান গুদাম ও কার্যালয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুখোশ ও হেলমেট পরা শতাধিক সন্ত্রাসী দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করে এ তাণ্ডব চালায়। সন্ত্রাসীরা যাতায়াতের জমির ভাড়া মূল মালিককে না দিয়ে কারাগার থেকে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দেওয়ার হুমকি দেয় এবং যাওয়ার সময় কার্যালয়ের কোটি টাকার আসবাব, ল্যাপটপ, মালামাল ও সিসিটিভির ডিভিআর মেশিন লুট করে নিয়ে যায়।
ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে প্রতিষ্ঠানটির দায়িত্বরত কর্মকর্তারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় শতাধিক সন্ত্রাসী কার্যালয়টি ঘেরাও করে আশপাশের ভবনের সিসি ক্যামেরাগুলো আগে নিষ্ক্রিয় করে দেয়। এরপর সশস্ত্র দলটি প্রধান ফটক ও সীমানা প্রাচীর ডিঙিয়ে ভেতরে ঢুকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। হামলাকারীরা গুদামে রাখা কুরিয়ারের মালামাল তছনছ করে, বেশ কয়েকটি ল্যাপটপ ও ডিজিটাল সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং কার্যালয়ের ভেতর ব্যাপক ভাঙচুর চালায়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আরও জানান, দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে বৈধ চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নিয়ে তারা এ জে আর কুরিয়ার সার্ভিসের প্রধান হাব ও কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন। হামলার সময় সন্ত্রাসীরা হুঙ্কার দিয়ে বলে, "শিকদার গ্রুপের মালিকের সঙ্গে কথা হয়েছে, এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে। চাঁদা ও ভাড়া না দিলে এখানে আর কোনো ব্যবসা করতে দেওয়া হবে না।" এই হামলায় সারা দেশে চার শতাধিক পণ্যবাহী গাড়ি নিয়ে পরিচালিত কুরিয়ার সেবাটি সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাজারীবাগ থানা-পুলিশের একাধিক টিম। ঘটনার তীব্রতা স্বীকার করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, "জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম ভাঙিয়ে একটি সন্ত্রাসী চক্র হুমকি ও চাঁদাবাজির উদ্দেশ্যে এই তাণ্ডব চালিয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।"
হঠাৎ এই সশস্ত্র হামলায় কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা এবং ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
