নিউগিনি আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পর ঘটনাস্থল পরিদর্শন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফাইল ছবি: সংগৃহীত
রাজধানীর নিউগিনি আবাসন প্রকল্পে এক কোটি টাকার বিনিময়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাণ্ডব ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত জামিনপ্রাপ্ত আসামিরা এবার প্রতিষ্ঠানটির মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়াকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। গত শনিবার রাজধানীর ইসিবি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এতে নিজের ও পরিবারের জীবনের চরম নিরাপত্তাহীনতা প্রকাশ করে ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নাজিম উদ্দিন।
থানায় দায়ের করা জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বেলা ১১টার দিকে ইসিবি চত্বরের সিটি কাবাব হোটেলের পেছনে আবাসন প্রকল্পের মালিক নাজিম উদ্দিন ভূঁইয়াকে ঘেরাও করেন আগে গ্রেপ্তার হওয়া ও বর্তমানে জামিনে থাকা আসামি মো. শাহরিয়ার মাহমুদ এবং তাঁর সহযোগী মো. আবুল কাশেম ও বাবুলসহ চার ব্যক্তি। এ সময় আসামিরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় থানায় আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ার পর তদন্তে নেমেছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, "হত্যার হুমকির ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। অভিযোগটির সত্যতা যাচাই ও নিরাপত্তার স্বার্থে পুলিশ ইতোমধ্যেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে।"
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে এক কোটি টাকা চুক্তিতে একটি সন্ত্রাসী বাহিনী দিয়ে ন্যক্কারজনক হামলা ও লুটপাট চালানো হয়। ওই ঘটনায় সেখানে অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও তছনছ করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় তোলে। অনুসন্ধানে জানা যায়, স্থানীয় এক রাজনৈতিক নেতার মদদে অস্ত্রধারী মামুন বাহিনীর লোকজনকে ভাড়া করে এই হামলা চালানো হয়েছিল।
মামলায় যুক্ত আসামি শাহরিয়ার মাহমুদকে পুলিশ পূর্বে গ্রেপ্তার করলেও পরবর্তীতে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন এবং অপর আসামি আবুল কাশেমও উচ্চ আদালত থেকে আগাম জামিন পান। জামিনে বেরিয়ে এসে পুনরায় বাদীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাটিতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
