রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য দিচ্ছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সপ্তাহে অন্তত এক দিন নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে এবং প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলে ঢাকা শহর অপরিচ্ছন্ন থাকবে না।
শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতি শনিবারের 'ক্লিনিং ডে' উপলক্ষে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে বৃষ্টির জমে থাকা পানি তিন দিনের বেশি না রাখার ওপর জোর দেন এবং নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি জানান, কোথাও ব্যক্তিগতভাবে জমে থাকা পানি অপসারণ সম্ভব না হলে সিটি কর্পোরেশনকে অবহিত করলে তা দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি বা ব্যবসা নয়, বরং মানুষ হিসেবে সবাইকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতিতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যা-ই হোক, এ দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা সমান।
আবদুস সালাম জানান, সরকারের নির্দেশনায় ঘোষিত তিন মাসের কর্মসূচি নিরলস ও সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে নগরের রাস্তাঘাট পরিচ্ছন্ন থাকবে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি বহুলাংশে কমে আসবে। এ কর্মসূচি সফল করতে তিনি কেবল সিটি কর্পোরেশনের কর্মীদের ওপর নির্ভর না থেকে স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, সব ধর্মেই মানবিকতা, নৈতিকতা ও ভালো কাজের শিক্ষা দেওয়া হয়েছে, যা কেবল উচ্চারণে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিজীবনে চর্চা করা প্রয়োজন। সমাজ থেকে অনৈতিকতা, মাদক ও অসহিষ্ণুতা দূর করতে ইতিবাচক ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার বিকল্প নেই উল্লেখ করে তিনি মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
