রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে সন্ত্রাসী হামলায় গুঁড়িয়ে দেওয়া কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওর তছনছ হয়ে যাওয়া ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের 'নিউগিনি প্রপার্টিজে' জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রায় দুই থেকে তিন শ সশস্ত্র সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ও গুলি ছুড়তে ছুড়তে এক নারকীয় হামলা, ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এই প্রায় ঘণ্টাব্যাপী তণ্ডবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী অবকাঠামো ও নির্মাণশ্রমিকরা গুরুতর আক্রমণের শিকার হন। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে এবং ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রায় পাঁচটি পিকআপ ভ্যানে করে দুশতাদিক সন্ত্রাসী ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজের মূল ফটক ভেঙে শটগান, রিভলবার ও দেশি অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা নির্বিচারে অন্তত ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং হাউজিংয়ের ভেতরে প্রবেশমুখের একটি ফ্ল্যাটে ঢুকে মূল্যবান সামগ্রী ও মোটরসাইকেল লুট করে। পরবর্তীতে তারা আন্তর্জাতিক মানসম্পন্ন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের আধুনিক টিনশেড স্টুডিওর শাটার ভেঙে ভেতরে ঢোকে এবং সেখানে থাকা কোটি টাকার প্রযুক্তিগত সরঞ্জাম, সিসিটিভি ক্যামেরা, বাদ্যযন্ত্র ও বিভিন্ন ক্লায়েন্টের শুটিং ফুটেজ ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।
অভিযানের সময় সন্ত্রাসীরা পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে উঠে সাধারণ শ্রমিকদের নিচে নামিয়ে এনে বেধড়ক মারধর করে এবং তাঁদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এক ভুক্তভোগী নির্মাণশ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, "আমাদের সবাইকে ছাদ থেকে নিচে নামিয়ে এনে মারধর করে সব ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীদের কয়েকজনের হাতে সরাসরি পিস্তল ও রামদা দেখা গেছে।" ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও চড়াও হয় দুষ্কৃতকারীরা, যার জবাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড সতর্কতামূলক গুলি চালায়।
রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম সাংবাদিকদের নিশ্চিত করেন, ৩৫ কাঠা আয়তনের একটি বিতর্কিত জমির দখল-বেদখল ও চরম বিরোধকে কেন্দ্র করে এ হামলা পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "এখানে একটা ডিসপিউটেড ল্যান্ড আছে, যেখানে জায়গাজমি নিয়ে দুই পক্ষের বিরোধ আছে। দুর্ভাগ্যবশত এ ঘটনায় সালমান মুক্তাদির ভিকটিমাইজড (ঘটনার শিকার) হয়েছেন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।"
ইতোমধ্যে নিউগিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় অবসরপ্রাপ্ত এক জ্যেষ্ঠ সেনাকর্মকর্তাসহ ১৩ জন চিহ্নিত ব্যক্তি ও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে সিসিটিভি ফুটেজের ডিভিডি গায়েব করে ২৫ লাখ নগদ টাকাসহ বিপুল সম্পদ লুট করা হয়েছে। এ ঘটনার পর সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিধ্বস্ত স্টুডিওর চিত্র তুলে ধরে দেশের আপামর মানুষের জানমালের সর্বাত্মক নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন। বর্তমানে ইসিবি চত্বর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অবশিষ্ট আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
