রাজধানীর মিরপুর ১-এ মধ্যরাতে হামলার পর গুঁড়িয়ে দেওয়া ৫০ বছরের পুরোনো ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’। ধ্বংসস্তূপের ওপর ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ১-এ চিকিৎসাসেবা ও শিশুদের টিকাদান কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ মধ্যরাতে দুই শতাধিক মুখোশধারী হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি ও মারধর করে মূল্যবান যন্ত্রপাতি, ভ্যাকসিন ও ফাইলপত্র লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে সব ভবন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সংগঠনের ব্যানারে ১০ কাঠা আয়তনের এই জমি দখলের উদ্দেশ্যে তাণ্ডব চালানো হয়। ঘটনায় ১ কোটি ৯ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টির নেতৃত্বাধীন একটি পক্ষ দীর্ঘদিনের বিরোধপূর্ণ এই জায়গাটি দখলের পেছনে রয়েছে। হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, নিবন্ধনের সরকারি নথি, দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, এসি, জেনারেটর ও সিসিটিভি ক্যামেরাসহ কোটি টাকার সরঞ্জাম লুট করার পর পুরো স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত করে নতুন মালিকানার সাইনবোর্ড টাঙিয়ে দেয়।
মিরপুরের নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত প্রসূতি নারী ও শিশুদের স্বাস্থ্যে ১৯৭৪ সাল থেকে অবদান রেখে আসা এই কেন্দ্রে আগামী শনিবার থেকেই সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। হঠাৎ এই তাণ্ডবে পুরো এলাকার দরিদ্র মানুষের চিকিৎসা ব্যবস্থা অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানি করে বলেন, “রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় যাই, সকালে এসে দেখি কিছুই নেই। অল্প খরচে গরিব মানুষেরা এখান থেকে টিকা দিতে পারত, অথচ এখন তা ধ্বংসস্তূপ। যারাই করুক, কাজটি ভালো করেনি।”
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, “পাঁচ-ছয় বছর ধরে সমমনা সমবায় সমিতির নামে কিছু লোক জমিটি দখলের চেষ্টা করছিল। বৃহস্পতিবার রাতে এসে সব গুঁড়িয়ে দিয়েছে। সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে আমরা ৫০ বছর ধরে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দিয়ে আসছি, সম্পূর্ণ জমি দখলের উদ্দেশ্যেই এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে।”
এদিকে অভিযুক্ত সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ দখলের সাথে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “ভাঙচুরের ঘটনা আমিও শুনেছি, ব্যস্ততার কারণে যেতে পারিনি। সমমনা সমিতির সাথে নাম থাকলেও ভাঙচুরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মামলা যেহেতু হয়েছে, পুলিশ আইনগতভাবে ঘটনা তদন্ত করে দেখুক।”
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ভাঙচুর ও জিম্মি করার লিখিত অভিযোগ পেয়ে পুলিশ মামলা নথিভুক্ত করেছে। ঘটনার পেছনে যারাই জড়িত থাক না কেন, তদন্ত সাপেক্ষে দ্রুত তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
