সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানা চত্বরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামগড়া এলাকায় ‘প্রিটি গ্রুপ’-এর একটি পোশাক কারখানা চত্বরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই আগুন দ্রত ছড়িয়ে পড়ে সিলিন্ডারবাহী গাড়িসহ আরও ৫-৬টি যানবাহনে।
ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার বাসিন্দা জয়নব (৫৫)। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরের একটি দর্জি দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিস্ফোরণের পর উড়ে আসা একটি সিলিন্ডার টিনের ছাদ ভেদ করে তাঁর মাথায় আঘাত করলে তিনি মারা যান। পরবর্তীতে কাভার্ড ভ্যানের ভেতরের অংশ থেকে আরও পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, "কারখানায় ব্যবহারের জন্য আনা গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে সিলিন্ডার নামানোর সময় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সিলিন্ডারগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পাশে থাকা আরও অন্তত পাঁচটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের জানালার কাচ ভেঙে গেছে।"
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, "খবর পেয়ে আমাদের চারটি ইউনিট দ্রুত পৌঁছে ৭টা ১০ মিনিটে কাজ শুরু করে এবং রাত ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কাভার্ড ভ্যানটিতে এলপিজি সিলিন্ডার ছিল। তবে আগুনের সুনির্দিষ্ট সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।"
দুর্ঘটনায় আহতদের অধিকাংশকেই আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, "বিস্ফোরণে আহত ২৬ জনকে হাসপাতালে আনা হয়েছিল, যাদের বড় অংশই স্থানীয় পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ী। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে আশঙ্কাজনক দগ্ধ দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।"
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানের ভেতর থেকে উদ্ধার হওয়া বাকি পাঁচজনের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। বর্তমানে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনাস্থল ঘিরে রেখে উদ্ধার তৎপরতার পরবর্তী ধাপ পরিচালনা করছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
