কুড়িগ্রামে 'অরণ্য'র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণীজন ও অতিথিদের সঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর ছোবাহান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি: সংগ্রহীত
‘একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’—এই মূলমন্ত্রকে সামনে রেখে পরিবেশ রক্ষা, সবুজায়ন ও সামাজিক কর্মকাণ্ডের এক দশক পূর্তিতে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে পরিবেশবাদী সংগঠন ‘অরণ্য’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহরের কলেজ মোড় এলাকার বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ মিলনায়তনে প্রবীণ হিতৈষী সংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে স্থানীয় সুশীল সমাজ, পরিবেশকর্মী ও সাংবাদিকদের এক মিলনমেলায় এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে ‘অরণ্য’র কুড়িগ্রাম সদর উপজেলা সভাপতি হাসন রানার স্বাগত বক্তব্যের মাধ্যমে। পরবর্তীতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর ছোবাহান জুয়েল ও উপদেষ্টা নুর আমিনসহ অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিগত এক দশকে কুড়িগ্রাম জেলাজুড়ে পরিচালিত সামাজিক উন্নয়ন ও বৃক্ষরোপণ অভিযানের নানা চিত্র তুলে ধরেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকা উত্তরাঞ্চলে পরিবেশ ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় তৃণমূল পর্যায়ে এমন উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমাজ, সংস্কৃতি, প্রশাসনিক সেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পাঁচ বিশিষ্ট গুণীজনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পরিচালক ও ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা এবং সাংবাদিকতায় অবদানের জন্য মো. মোন্নাফ আলীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়া সমাজসেবায় রাজারহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বামনাছড়া গ্রাম রক্ষক সমিতির রানা মিয়া এবং সংগঠনের দীর্ঘদিনের পরামর্শক হিসেবে উপদেষ্টা নুর আমিনকে বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর ছোবাহান জুয়েল বলেন, “বিগত দশ বছর ধরে জলবায়ু সংকট মোকাবিলা ও জেলাজুড়ে সবুজায়নের মাধ্যমে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অরণ্য কাজ করে যাচ্ছে। গুণীজনদের এই সম্মাননা আমাদের সামাজিক দায়বদ্ধতাকে সামনে এগিয়ে নিতে আরও বেশি অনুপ্রাণিত করবে।”
সম্মাননা প্রদান ও আলোচনা পর্ব শেষে অতিথিদের সাথে নিয়ে পরিবেশবাদী সংগঠন ‘অরণ্য’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে। আগামী দিনে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃক্ষরোপণ অভিযান আরও জোরদার করার প্রত্যয় প্রকাশ করেছেন আয়োজকেরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
