মঙ্গলবার মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালানিকান্দি এলাকায় ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মনিরুল হাওলাদারের তালাবদ্ধ বসতবাড়ি। ছবি: সংগৃহীত
ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাওয়া খ্যাতনামা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনার মূল অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনিরুল হাওলাদারের গ্রামের বাড়িতে পুলিশ ও বিক্ষুব্ধদের নজরদারির মুখে ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালানিকান্দি এলাকায় মনিরুলের জরাজীর্ণ বসতবাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারীরা অবস্থান নিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
গতকাল সোমবার রাতে ইতালিপ্রবাসী নিষিদ্ধ ছাত্রলীগের ধুরাইল ইউনিয়ন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল হাওলাদার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর স্বজনদের ওপর ভেনিসের মেস্ত্রে শহরের একটি পার্কে অতর্কিত হামলা ও হেনস্তা চালান। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে বাঁধন বর্তমানে ইতালিতে অবস্থান করছেন।
মঙ্গলবার সকালে ইতালিতে বাঁধনের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি এবং স্থানীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা অভিযুক্ত মনিরুলের মাদারীপুরের বাড়িতে জড়ো হতে থাকেন। পরিস্থিতি আঁচ করতে পেরে সকালে পুলিশ ও রাজনৈতিক কর্মীরা পৌঁছানোর আগেই মনিরুলের মা ও ভাই বসতঘরে তালা মেরে গা-ঢাকা দেন।
মনিরুলের প্রতিবেশী ও স্বজনেরা এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযুক্তের সৎভাই ওবায়দুল হাওলাদার বলেন, “দেড় বছর আগে ২৮ লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমান মনিরুল। এলাকায় থাকতে তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। বিদেশে গিয়ে তিনি এসব অপকর্ম করছেন। বিদেশে বসে দেশের মান-সম্মান সব শেষ করে দিয়েছেন, আমরা তাঁর কড়া বিচার চাই, তাঁর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”
এদিকে ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জারি করেছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিক এ বিষয়ে জানান, “বিষয়টি জানার পর থেকেই মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাটি বিদেশের মাটিতে ঘটেছে, তাই তাঁর বিরুদ্ধে ওই দেশের আইন অনুসারেই ব্যবস্থা নেওয়া হবে। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
অভিযুক্ত মনিরুলের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে নজরদারি জোরদার করেছে। বিদেশের মাটিতে দেশীয় শিল্পী ও নাগরিকে হেনস্তাকারী চক্রের মূল হোতাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক পর্যায়ে প্রক্রিয়া জোরদার হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
