× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যেখানে বাধা পাব সেখানে প্রতিরোধ, বিএনপির দুর্নীতি ছাড় দেবে না জনগণ: শফিকুর রহমান

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:১১ পিএম । আপডেটঃ ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ১১-দলীয় ঐক্যের বিশাল লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা শুরু করেছে এবং তারা দেশজুড়ে নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন। শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় ১১-দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। ছয় দফা দাবিতে ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হওয়া এই লংমার্চ ও পথসভাকে কেন্দ্র করে মহাসড়কের চট্টগ্রাম অভিমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, “বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, সংসদে বিদ্যুৎ থাকে, কিন্তু সাধারণ মানুষের বাড়িতে বিদ্যুৎ থাকে না। গত ছয় মাসে শাপলা চত্বরের গণহত্যা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি। এখন যাঁরা নতুন করে ফ্যাসিবাদ শুরু করবেন, তাঁদের আর ১৫ বছর অপেক্ষা করতে হবে না; আমরা যেখানে বাধা পাব, সেখানেই প্রতিরোধ গড়ে তুলব।”

বিশেষ অতিথির বক্তব্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “গণ-অভ্যুত্থানের পর বর্তমান সরকার কোনো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি। বিএনপি সিন্ডিকেট করে তেলের দাম বাড়াচ্ছে এবং চাদাবাজি শুরু করেছে। বিএনপি দুর্নীতি ও অত্যাচার করলে দেশের মানুষ তাদের ছাড় দেবে না; আঘাত দিলে পাল্টা আঘাত আসবে।”

সমাবেশে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান। তারা স্পষ্ট সতর্কবার্তা দেন যে, জনদাবি ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হলে বর্তমান সরকারকে চূড়ান্তভাবে 'লাল কার্ড' দেখানো হবে এবং এই আন্দোলন প্রয়োজনে ‘ঢাকা ঘেরাও’ কর্মসূচিতে রূপ নেবে।

ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হওয়া এই লংমার্চটি কুমিল্লার বিভিন্ন পথসভা অতিক্রম করে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী ১১-দলীয় ঐক্যের এই রাজপথের অবস্থান ও কঠোর বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তাপ সৃষ্টি করল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.