× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেয়ের বাড়ি যাওয়া হলো না ফিরোজার, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মৃত্যু

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪২ পিএম । আপডেটঃ ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৪ পিএম

দুর্ঘটনায় নিহত ফিরোজা বিবি। ছবি: সংগৃহীত

মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সরকারি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ফিরোজা বিবি (৭৯) নামে এক বৃদ্ধা। শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহন করছিল, যা ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানখেতে নেমে যায়।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালের দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে বড় মেয়ে শিরি বেগমের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন ফিরোজা বিবি। রাস্তা পার হয়ে অটোরিকশায় ওঠার সময় প্রতিমন্ত্রীর গাড়ির সাথে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

নিহতের পুত্রবধূ রেশমা বেগম বলেন, “মেয়ের বাড়িত বেড়াবার যাওয়ার কথা কয়া হামার শাশুড়ি বিয়ানবেলা বাড়িত থ্যাকে বের হলেন। মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়া।” নিহত ফিরোজা বেগমের স্বজন জাকির হাসান জানান, বয়সের কারণে অসাবধানতাবশত সড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে এবং পরিবার এটিকে নিছক একটি দুর্ঘটনা হিসেবেই দেখছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক আনুষ্ঠানিকতা ও সুরতহাল শেষে বাদ আসর নিহতের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.