গুলিস্তান-বঙ্গবাজার সড়কে উড়ালসড়কের নিচে দুই লেনজুড়ে পার্কিং করে রাখা আন্তজেলা বাসের দীর্ঘ সারি, যার ফলে সংকুচিত হয়ে পড়েছে যান চলাচলের পথ।ছবি: সংগৃহীত
রাজধানীর বঙ্গবাজার থেকে গুলিস্তান মোড় পর্যন্ত ব্যস্ততম প্রায় ৭০০ মিটার সড়কের দুই পাশ দখল করে অবৈধভাবে সারি সারি বাস পার্কিং করায় তীব্র যানজট ও চরম জনভোগান্তি তৈরি হয়েছে। পুলিশ প্রশাসনের সামনেই দিনে-দুপুরে লাইনম্যান বসিয়ে চললেও শৃঙ্খলা ফেরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। উল্টো ট্রাফিক পুলিশ সদস্যের ‘গা-ছাড়া’ মনোভাব ও দায়সারা জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও পথচারীরা।
অবৈধ বাস পার্কিংয়ের কারণ জানতে চাইলে দায়িত্বরত এক পুলিশ সদস্য শিক্ষার্থী তানজীর হোসাইনকে বলেন, “আমরা পারি না, আপনি একটু বাইক থেকে নাইম্যা বাসগুলো সরায়া দ্যান।” পুলিশের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে চরম হতাশা ব্যক্ত করে ওই শিক্ষার্থী জানান, মূল সড়কে অবৈধ পার্কিংয়ের কারণে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হলেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
গত ২ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে দেখা যায়, মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচে বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান মোড় পর্যন্ত সড়কের দুই পাশের লেনে অন্তত ৭৪টি বাস পার্কিং করে রাখা হয়েছে। স্থানীয় পরিবহন প্রতিষ্ঠানের নিযুক্ত কথিত 'লাইনম্যানরা' চাঁদা ও নিয়ন্ত্রণ বজায় রেখে পুরো পথটি কার্যত ব্যক্তিগত বাস ডিপোতে রূপান্তর করেছেন। ফুলবাড়িয়ার জাকের সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী হায়দার আলী বলেন, “দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা মার্কেটে কেনাকাটা করতে আসেন। কিন্তু সামনের সড়কে বাস পার্কিং করায় যানজট তৈরি হয়, যা আমাদের ব্যবসার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।”
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার এহসানুল কামরান তানভীর স্বীকার করেন, “বাস পার্কিংয়ের কারণে এই এলাকায় যানজটের সৃষ্টি হয়। মাঝে ডিসি স্যার এটা বন্ধ করেছিলেন, তবে আবার বাস পার্কিং শুরু হয়েছে।”
ডিএমপি ট্রাফিক কর্মকর্তা জানান, সরকার আগামী চার মাসের মধ্যে এই এলাকার বাস টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এবং এটি বাস্তবায়িত হলে সমস্যার স্থায়ী সমাধান ঘটবে। উল্লেখ্য, রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল দ্রুত কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন এবং বুয়েটের বিশেষজ্ঞদের এ সংক্রান্ত প্রয়োজনীয় সুপারিশের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকার যানজট নিরসন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
