রাজধানীর সচিবালয়ের সামনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর ব্যবহৃত গাড়িটি আটকে মামলা দিচ্ছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত প্রাতিষ্ঠানিক গাড়ির বিরুদ্ধে দুটি মামলা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইল এলাকায় লেন লঙ্ঘন করে স্বাভাবিক যান চলাচলে বাধা ও অনিরাপদভাবে চালানোর অভিযোগে সচিবালয়ের সামনে গাড়িটি আটকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট সিফাত মাহমুদ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর দুটি ভিন্ন ধারায় এই আইনি ব্যবস্থা নেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সকালে কাকরাইল মোড় এলাকায় মন্ত্রীর গাড়িটি লেন অমান্য করে দ্রুত গতিতে এগোতে থাকলে স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়। এতে প্রধানমন্ত্রীর বহরের চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে, যার পরপরই ঢাকা পুলিশের কন্ট্রোল রুম ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর পক্ষ থেকে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আসে। পরে গাড়িটি সচিবালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সেটির গতিরোধ করা হয়। ঘটনার সময় মন্ত্রী নিজেই গাড়ির ভেতর অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ট্রাফিক সার্জেন্ট সিফাত মাহমুদ বলেন, “মন্ত্রীর গাড়িতে মামলা দেওয়া যায়, এটা আমিও বিশ্বাস করতে পারছিলাম না। এটি সত্যিই একটি বিরল ঘটনা। কন্ট্রোল রুম ও এসএসএফের নির্দেশনা অনুযায়ী আমরা পদক্ষেপ নিয়েছি। গাড়িটির চালকও ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন।”
পুলিশ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮৭ ধারায় বেপরোয়া গতি ও চলাচলে বাধা সৃষ্টির অপরাধে তিন হাজার টাকা এবং ৯২ ধারায় সাধারণ চালনার নির্দেশনাবলী অমান্য করায় আরও তিন হাজার টাকা জরিমানা করা হয়। আইনের বিধান অনুযায়ী জরিমানার অর্থ চালককেই পরিশোধ করতে বলা হয়েছে, পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কাটার নিয়মও প্রযোজ্য হতে পারে।
এ ঘটনার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে মুঠোফোন ও লিখিত বার্তায় যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। মন্ত্রী বা ভিআইপিদের ক্ষেত্রে আইন প্রয়োগের এই কড়া বার্তা রাজধানীতে যানজট ও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
