× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওয়াশরুমের ছাদ থেকে পুলিশের ওপর গুলি

৫ পুলিশ আহত, অস্ত্রসহ গ্রেপ্তার ‘সন্ত্রাসী’ মোবারক

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

২৮ আগস্ট ২০২৬, ০১:৩০ এএম । আপডেটঃ ২৮ আগস্ট ২০২৬, ০১:৫৯ এএম

দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডেভিড ইমনের সহযোগী মোবারক হোসেন ওরফে ‘গলা কাটা মোবারক’। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাড়ির ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে থেকে পুলিশ সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণের পর অস্ত্র ও তিন সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন কারাবন্দী সন্ত্রাসী ডেভিড ইমনের প্রধান সহযোগী মোবারক হোসেন ওরফে ‘গলা কাটা মোবারক’। বুধবার সকালে লেলাং ইউনিয়নের শাহনগর এলাকার একটি বাসা ঘিরে পরিচালিত রক্তক্ষয়ী অভিযানে গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও ফটিকছড়ি থানার ওসিসহ মোট ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত তিনটার দিকে পুলিশ বাড়িটি ঘেরাও করে এবং দীর্ঘ দেড় ঘণ্টা পর লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অভিযানে বাহিনীর ওপর লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি ছুড়লেও একপর্যায়ে পিস্তল জ্যাম (অস্ত্র আটকে) হয়ে গেলে পুলিশ মোবারককে পরাস্ত করে ফলস ছাদ থেকে নামিয়ে আনতে সক্ষম হয়। তল্লাশি চালিয়ে তাঁর তিন সহযোগী—মো. রায়হান, মো. ফরিদ ও মো. নাছিরকে গ্রেপ্তার করার পাশাপাশি ৩টি পিস্তল, ২৩টি পিস্তলের গুলি এবং ৪টি শটগানের গুলি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “আমরা কক্ষে প্রবেশ করতেই ফলস ছাদ থেকে মোবারক ব্রাজিলের তৈরি ‘তরাস’ পিস্তল দিয়ে আমাদের লক্ষ্য করে পরপর ছয়টি গুলি করেন। একটি গুলি আমার কানের খুব কাছ দিয়ে চলে যায়। পুলিশও পাল্টা সাত রাউন্ড গুলি ছোড়ে। সপ্তম গুলিটি করার সময় ওনার পিস্তলটি জ্যাম হয়ে আটকে যায়, ঠিক তখনই আমরা তাকে নিয়ন্ত্রণে নিয়ে গ্রেপ্তার করি।”

পুলিশ নিশ্চিত করেছে, মোবারকের কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট নগরীর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র। দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এলাকায় আস্তানা গেড়ে তিনি রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সহিংস অপরাধ পরিচালনা করছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, “মোবারক একজন অত্যন্ত দুর্ধর্ষ সন্ত্রাসী, যিনি পাহাড়ের দুর্গম অঞ্চলকে নিরাপদ আস্তানা বানিয়ে অপরাধ্য কার্যক্রম চালাতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”

এদিকে পুলিশ এ ঘটনায় গ্রেপ্তারকৃত মোবারকের বিরুদ্ধে অস্ত্র লুট ও পুলিশের ওপর হামলার দুটি পৃথক মামলায় আদালতে রিমান্ড আবেদন জানালে বিজ্ঞ আদালত প্রতিটি মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মোবারক গ্রেপ্তার হওয়ায় রাউজান, ফটিকছড়ি ও আশপাশের অঞ্চলে স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগী স্থানীয়রা আশা প্রকাশ করছেন, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এমন চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যাতে এলাকায় স্থায়ী শান্তি বজায় থাকে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.