× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাজী ফার্মসের ভুয়া কর্মকর্তা পরিচয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ, যশোরে গ্রেপ্তার ২

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১০ আগস্ট ২০২৬, ১৪:২০ পিএম । আপডেটঃ ১০ আগস্ট ২০২৬, ১৪:২৬ পিএম

প্রতারণায় জড়িত দুই সদস্য আটক, সামনে উদ্ধারকৃত নগদ টাকা, মোবাইল, ল্যাপটপ ও গমের ভূষি। ছবি: সংগৃহীত

যশোরে 'কাজী ফার্মস লিমিটেড'-এর ভুয়া কর্মকর্তা সেজে প্রায় ৩৪ লাখ ১৯ হাজার ২৫৬ টাকার গমের ভূষি আত্মসাৎকারী এক সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। তথ্যপ্রযুক্তির সহায়তায় চালানো এ অভিযানে আটককৃতদের কাছ থেকে নগদ ১০ লাখ ৩ হাজার টাকা, ৭৭ বস্তা গমের ভূষি, ৫১টি সিমকার্ড ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (৯ আগস্ট) যশোর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার চাটমোহর উপজেলার নটাবাড়িয়া গ্রামের মনিরুল ইসলাম ও দোদারিয়া গ্রামের খালেক সরদার।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজির শংকরপুর ও পুরাতন কসবা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যে পাবনার পুটে বাজার এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আবুল বাসার নামে চক্রের আরেক সদস্য পালিয়ে গেলেও সেখান থেকে বিপুল পরিমাণ আত্মসাৎকৃত ভূষি জব্দ করা সম্ভব হয়।

মামলার নথিসূত্রে জানা যায়, গত ১৯ জুলাই প্রতারক চক্রটি যশোরের কাজী ফার্মস লিমিটেডের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চুয়াডাঙ্গার মেসার্স আর এস ইন্টারন্যাশনালের মালিক মানিক কুমার আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করে। প্রতি কেজি ৩২ টাকা দরে মোট ৭৫ মেট্রিক টন গমের ভূষি ক্রয়ের ভুয়া চুক্তি করে তারা।

চুক্তি অনুযায়ী গত ২২ ও ২৫ জুলাই দুই দফায় পাঁচটি ট্রাকে ভূষি পাঠানো হলে, তা যশোর সদরের চুড়ামনকাঠি বাজারসংলগ্ন এলাকা থেকে খালাস করে কৌশলে আত্মসাৎ করে চম্পট দেয় চক্রটি।

প্রতারণার হাত এখানেই থামেনি, মালামাল হাতিয়ে নেওয়ার পর চক্রটি উক্ত ব্যবসায়ীর কাছে নতুন করে আরও ৩০ হাজার টাকা ধার দাবি করে। এতে সন্দেহ হলে ব্যবসায়ী মানিক কুমার আগরওয়াল সরাসরি কাজী ফার্মসের যশোর অফিসে যোগাযোগ করেন এবং জানতে পারেন যে প্রতিষ্ঠানটি থেকে এমন কোনো অর্ডার দেওয়া হয়নি।

বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে তিনি যশোর জেলা পুলিশে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরপরই যশোর ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের এসআই দেবব্রত ঘোষের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযানে নামে এবং মূল হোতাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ডিবির এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, “সাইবার ট্র্যাকিং এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা দ্রুতই প্রতারক চক্রটিকে শনাক্ত করতে পেরেছি। উদ্ধারকৃত মালামাল ও নগদ অর্থ ছাড়াও ২টি ল্যাপটপ, ৭টি মোবাইল, ১টি মোটরসাইকেল ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে যশোর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আত্মসাৎ হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.