রোববার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে ‘দৈনিক বিপ্লবী বাংলাদেশ’-এর ৫৬ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: পিআইডি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের দৃষ্টিতে উন্নয়ন মানে কেবল দৃশ্যমান বিশাল অট্টালিকা বা মেগা প্রজেক্ট নয়, বরং মাটির নিচে লুকিয়ে থাকা নিজস্ব গ্যাস সম্পদ উত্তোলন করাই এখনকার আসল উন্নয়ন। রোববার (১০ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক বিপ্লবী বাংলাদেশ’-এর ৫৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিগত সরকার দীর্ঘ ১৭ বছরে নিজস্ব গ্যাস সম্পদ উত্তোলন না করে নির্দিষ্ট আমদানিকারকদের অনৈতিক সুবিধা দিতে বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকার জ্বালানি নিয়ে এসেছে। ফলে পুরো বিদ্যুৎ খাত চরম আমদানি-নির্ভর হয়ে পড়েছিল এবং কেবল মধ্যস্বত্বভোগীদের লাভের সুযোগ করে দিতেই নিজস্ব উত্তোলন বন্ধ রেখে বেশি দামে গ্যাস আমদানি করা হয়েছিল।
জহির উদ্দিন স্বপন বলেন, একদল লুটেরাকে ধনী করার উদ্দেশ্যে দুর্বল বৈদেশিক মুদ্রার ওপর দাঁড়িয়ে থাকা একটি দেশে এমন আত্মঘাতী চক্রান্ত করা হয়েছিল। তবে বর্তমান সরকার এই অবস্থা থেকে বেরিয়ে এসে নিজস্ব গ্যাস সম্পদ উত্তোলনে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত সচল রাখতে বাধ্য হয়ে যেটুকু প্রয়োজন কেবল সেটুকুই আমদানি করা হবে, আর বাকি চাহিদা মেটানো হবে নিজস্ব উত্তোলনের মাধ্যমে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় নেশাদ্রব্য উৎপাদন করে বাংলাদেশকে বাজার হিসেবে ব্যবহারের এক গভীর ষড়যন্ত্র চলছে। অতীতে কোনো কোনো সংসদ সদস্য এসব অনৈতিক কারবারে জড়িত থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
তিনি বলেন, সরকার পরিবর্তনের পর সেই সমস্ত কারবারিরা এখন নতুন করে ক্ষমতাসীন দলের পার্টনার খুঁজে বেড়াচ্ছে। এই ধরণের চিহ্নিত চক্রের মুখোশ উন্মোচনে গণমাধ্যমকে অনুসন্ধানী সাংবাদিকতার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “দেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচির মধ্য দিয়েই রাষ্ট্রীয় সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন হবে। বিএনপিতে কোনো গডফাদার বা মাস্তানতন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে 'চাবুকের' ভূমিকা পালন করতে হবে।”
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম আয়না হিসেবে নিখুঁত না হলে সমাজের সঠিক চিত্র ফুটে উঠবে না, যা সাধারণ মানুষের আস্থা বিনষ্ট করবে। তাই বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে তাঁর দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে।
দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খশরু, বিএনপি নেতা আজিজুল হক আক্কাস, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত এবং বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
