× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জ্বালানি নিরাপত্তায় সমন্বিত মাস্টারপ্ল্যানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যশনাল ট্রিবিউন প্রতিবেদক:

১০ আগস্ট ২০২৬, ০২:১২ এএম । আপডেটঃ ১০ আগস্ট ২০২৬, ০২:৪০ এএম

সোমবার কক্সবাজারের মহেশখালীতে ১২০০ মেগাওয়াট ক্ষমতার মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ। ছবি: পিআইডি

কক্সবাজারের মহেশখালীতে দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শতভাগ দেশীয় প্রকৌশলী ও জনবল দিয়ে কেন্দ্রটি পরিচালিত হতে দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন এবং দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ দক্ষ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন।

সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে মাতারবাড়ি পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা ৫ মিনিট পর্যন্ত তিনি পুরো প্রকল্প এলাকা, গভীর সমুদ্রবন্দর, কয়লা জেটি এবং অন্যান্য প্রস্তাবিত মেগা অবকাঠামো ঘুরে দেখেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, পরিদর্শনের শুরুতে প্রধানমন্ত্রী প্রকল্পের প্রশাসনিক ভবনে যান। সেখানে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় সোয়া এক ঘণ্টাব্যাপী প্রকল্পের প্রশাসনিক ও প্রযুক্তিগত পরিচালনা নিয়ে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন তিনি।

পরিচালন কার্যক্রমে শতভাগ দেশীয় জনবলের সম্পৃক্ততা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি দেশীয় প্রকৌশলী ও কর্মীদের মেধা, দক্ষতা ও নিবেদিতপ্রাণ সেবার প্রশংসা করে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি প্রয়োগে তাঁদের উৎসাহ প্রদান করেন। ব্রিফিং শেষে স্মৃতিস্মারক হিসেবে প্রকল্প এলাকায় একটি নিম গাছের চারা রোপণ করেন তিনি।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটিতে ২টি ইউনিটে মোট ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। সর্বাধুনিক 'আল্ট্রা-সুপারক্রিটিক্যাল' প্রযুক্তির ব্যবহারে এটি পরিবেশবান্ধব ও উচ্চ ক্ষমতাসম্পন্ন হিসেবে স্থান করে নিয়েছে।

প্রকল্প পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দেন, “দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে শুধু একটি জ্বালানির ওপর নির্ভর না করে উৎসের বৈচিত্র্য আনা জরুরি। বৃহৎ অবকাঠামো পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা, পরিবেশগত প্রভাব এবং জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।”

তিনি আরও বলেন, মাতারবাড়িকে কেন্দ্র করে বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর ও সংশ্লিষ্ট শিল্পের একটি সমন্বিত অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। এই হাবটির পরিকল্পিত ব্যবহার দেশের সামগ্রিক শিল্পায়ন ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

দুপুর ১২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী প্রস্তাবিত ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁকে প্রস্তাবিত সোলার প্ল্যান্টের পরিকল্পনা ও সম্ভাব্য উৎপাদন ক্ষমতা সম্পর্কে অবহিত করেন।

এর পরপরই প্রধানমন্ত্রী সংলগ্ন এলাকায় প্রস্তাবিত এলএনজি-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, পেট্রোকেমিক্যাল প্রকল্প, নতুন তেল শোধনাগার (রিফাইনারি) এবং প্রস্তাবিত ৩ ও ৪ নম্বর কয়লা বিদ্যুৎকেন্দ্রের নির্ধারিত স্থানসমূহ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কয়লা জেটি, গভীর সমুদ্রবন্দর ও এলপিজি টার্মিনালের সমন্বিত পরিচালন কার্যক্রম খতিয়ে দেখেন।

সরেজমিন পরিদর্শন শেষে দুপুর ১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশে মাতারবাড়ি ত্যাগ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিশেষ রাজনৈতিক সম্পাদক বেলায়েত হোসেন মৃধা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.